নিশ্ছিদ্র নিরাপত্তা চায় যুক্তরাষ্ট্র
মার্কিন সাহায্য সংস্থার কর্মকর্তা জুলহাজ মান্নান নিজের বাসায় নির্মমভাবে খুন হওয়ার পর বাংলাদেশে নিজেদের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে বিচলিত যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের জন্য সম্প্রতি নিজেদের নিরাপত্তারক্ষীদের অস্ত্র বহনসহ নিজস্ব নিরাপত্তাবলয় গড়ে তোলার অনুমতি চেয়েছে ওয়াশিংটন। কোনো কূটনৈতিক মিশনকে এ ধরনের সুবিধা দেওয়ার নিয়ম না থাকায় যুক্তরাষ্ট্রের এ অনুরোধে সাড়া দিতে আগ্রহী নয় বাংলাদেশ।
দুই দেশের একাধিক কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানায়, গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কূটনৈতিক নিরাপত্তাবিষয়ক সহকারী মন্ত্রী গ্রেগরি স্টারের ঢাকা সফরের সময় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এ অনুরোধ জানায়। ২৪ ও ২৫ জুন ওয়াশিংটনে অনুষ্ঠেয় অংশীদারত্ব সংলাপে এ বিষয়টি জানতে চাইবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সম্প্রতি দেশি-বিদেশি লোকজনকে বেছে বেছে হত্যার (টার্গেট কিলিং) ঘটনা বেড়ে যাওয়ায় এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র নিজস্ব নিরাপত্তাব্যবস্থার বিষয়টি বিবেচনায় এনেছে।
এ বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র ন্যান্সি ভ্যানহর্ন গতরাতে ই-মেইলে প্রথম আলোকে বলেন, ‘নীতিগত কারণে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তার প্রসঙ্গে মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করে না। আমাদের কূটনীতিকদের এবং স্থাপনা সুরক্ষায় চমৎকার ও পেশাদারত্বের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশের পুলিশ। উপরন্তু ঢাকার অন্যান্য কূটনৈতিক মিশন ও স্থাপনার মতো দ্বিতীয় ধাপের নিরাপত্তার স্বার্থে মার্কিন দূতাবাস বাংলাদেশের বেসরকারি নিরাপত্তা সংস্থার ওপর নির্ভর করে। বাংলাদেশের আইনের সঙ্গে সংগতি রেখে এসব বেসরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশের নিরস্ত্র নাগরিকদের নিয়োগ দেওয়া হয়। দূতাবাস মার্কিন নাগরিকদের অস্ত্র ব্যবহারের অনুরোধ জানায়নি।’
জুলহাজ হত্যা তদন্তের অগ্রগতি বিষয়ে আলোচনার জন্য গত মাসে ঢাকায় এসেছিলেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তাঁর সফরের সময় আলোচনায় দুই দেশের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য ঢাকা সফর করেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টড। এরপর ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কূটনৈতিক নিরাপত্তাবিষয়ক সহকারী মন্ত্রী গ্রেগরি স্টার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, গ্রেগরি স্টারের সফরের সময় বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে নিজস্ব নিরাপত্তাবলয়ের কথা বলা হয়েছিল। ওই সময় বাংলাদেশকে দেওয়া এক প্রস্তাবে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্যদের (বাংলাদেশি নাগরিক) জন্য প্রকাশ্যে আধুনিক অস্ত্র বহনের অনুমতি চাওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওই অনুরোধ বাংলাদেশের পক্ষে যে রাখা সম্ভব নয়, সেটি তাৎক্ষণিকভাবে বলা হয়নি। তখন বলা হয়েছিল, কোনো দেশকে এখন পর্যন্ত এ ধরনের সুবিধা দেওয়ার বিধান নেই। বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনার পর যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
জ্যেষ্ঠ এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদ অনুসারে কোনো দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব স্বাগতিক দেশের। কাজেই যে দেশে কূটনীতিকেরা কাজ করবেন, সে দেশই তাঁদের নিরাপত্তার দায়িত্ব নেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসে নিশা দেশাই বিসওয়ালসহ মার্কিন পররাষ্ট্র দপ্তরের তিন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা নিয়ে যেসব আলোচনা হয়েছে, ওয়াশিংটনে ২৪-২৫ জুনের বৈঠকে তা পর্যালোচনা হবে।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, ওয়াশিংটনে অনুষ্ঠেয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপে নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা—এই তিনটি আলাদা কর্মদলের বৈঠক হবে। আলোচনায় নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
এদিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ২ জুন সন্ধ্যায় অংশীদারত্ব সংলাপের আলোচ্যসূচি নিয়ে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে কথা বলেন। ঘণ্টা খানেকের এই আলোচনায় তাঁরা তিনটি কর্মদলের আলোচ্যসূচি নিয়ে কথা বলেন।
বৈঠকের পর জানা গেছে, দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক সফরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাব বিষয়ে পর্যালোচনা হবে অংশীদারত্ব সংলাপে। এবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অগ্রাধিকারমূলক সুবিধা (জিএসপি) পুনর্বহালের বিষয়টি তুলবে না বাংলাদেশ। তবে বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক কর্মদলের বৈঠকে শ্রম অধিকার ও কর্মপরিবেশের প্রসঙ্গ এলে বাংলাদেশ সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবে। এবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন সহায়তা সংস্থা মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের (এমসিসি) বিষয়টি আলোচ্যসূচিতে না রাখার কথা বলেছে বাংলাদেশ। কারণ, বেশ কয়েক বছর ধরে দুর্নীতি ও সুশাসনের সূচকে বাংলাদেশের অগ্রগতি হলেও এমসিসিতে বাংলাদেশকে যুক্ত করা হচ্ছে না। যদিও আফ্রিকার কয়েকটি দেশে সুশাসন পরিস্থিতি খারাপ হলেও তাদের এমসিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ মনে করে, রাজনৈতিক কারণে যেহেতু বাংলাদেশ এমসিসিতে অন্তর্ভুক্ত হচ্ছে না, তাই এ নিয়ে আলোচনার কোনো যৌক্তিকতা নেই।