নিষিদ্ধ, তবু চট্টগ্রামে রমরমা গাইড ও নোট বইয়ের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ হলেও চট্টগ্রামের প্রধান বইয়ের বাজার আন্দরকিল্লায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন শ্রেণীর গাইড বই। সেখানে দ্বিতীয় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর গাইড বই বিক্রি হচ্ছে।কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের গাইড বই কেনার জন্য প্ররোচিত করছেন বলেও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ কারণে নোট ও গাইড বইয়ের রমরমা ব্যবসা বন্ধ করা যাচ্ছে না।চট্টগ্রাম নগরের বইপল্লি হিসেবে পরিচিত আন্দরকিল্লায় বইয়ের বাজার ঘুরে বিভিন্ন প্রকাশনীর গাইড বই বিক্রি হতে দেখা গেছে। এগুলোর মধ্যে লেকচার, জুপিটার, নিউটন, শার্প, পাঞ্জেরী, গ্যালাক্সি উল্লেখযোগ্য।বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ঢাকার পরিচালক ও চট্টগ্রামের সাধারণ সম্পাদক কাজী সাবের আহমেদ গাইড বই বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘সরকার এখন পাঠ্যবই বিনা মূল্যে দিচ্ছে। এর ফলে আন্দরকিল্লায় এখন বইয়ের ব্যবসা বলতে কিছু নেই। কিছু গাইড বই বিক্রি করে দোকানিরা বেঁচে আছেন।’ তিনি বলেন, ‘অষ্টম শ্রেণী পর্যন্ত গাইড বই নিষিদ্ধ। এখন শিক্ষকেরাও গাইড বইয়ের রেফারেন্স দিয়ে শিক্ষার্থীদের দোকানে পাঠাচ্ছেন। চাহিদা আছে বলে তো আমরা বিক্রি করছি।’অষ্টম শ্রেণী পর্যন্ত গাইড বই ও নোট বই বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতিটি শ্রেণীর জন্য কিছু সহায়ক বই নির্ধারণ করে দিয়েছে। স্কুলগুলো যদি ওই বইগুলো ঠিকমতো বিতরণ করে থাকে, তাহলে গাইড বইয়ের দরকার হয় না।’ তিনি বলেন, বাজারে নিষিদ্ধ গাইড বই বিক্রি বন্ধ করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে।মেয়ের জন্য গাইড কিনতে আসা মো. রাশেদ নামের এক অভিভাবক বলেন, ‘অনেক শিক্ষার্থী বুঝতে পারে না যে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে। গাইডে এসব প্রশ্ন দেওয়া থাকে। এ জন্য শিক্ষার্থীরা গাইড বই কিনে থাকে।’নিষিদ্ধ গাইড বই বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে ছিদ্দিকিয়া লাইব্রেরির মালিক আবু সালেহ বলেন, ‘প্রতিবছর পাঠ্যবইয়ের ব্যবসা করতাম। এখন আমাদের কোনো ব্যবসা নেই। দু-একটি গাইড বই বেচে কোনোরকমে সংসার চালাই। গাইড বই তো শিক্ষার্থীদের কোনো ক্ষতি করছে না।’শহরের স্কুলের চেয়ে গ্রামের শিক্ষার্থীদের কাছে গাইড বইয়ের চাহিদা বেশি বলে বিক্রেতারা জানান। তাঁদের ভাষ্যমতে, নগরের নামীদামি স্কুলের শিক্ষার্থীরা তো গাইড বই কিনছেই, তাদের চেয়ে বেশি কিনছে গ্রামের শিক্ষার্থীরা।