নিষিদ্ধ ও ক্ষতিকর জালের উৎপাদন বন্ধ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। এ জন্য ইলিশ মাছ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ নেওয়ায় দেশে ইলিশের উৎপাদন অনেক গুণ বেড়েছে। ভবিষ্যতে এটা আরও বাড়বে। মৎস্য সম্পদ রক্ষায় দেশে নিষিদ্ধ ও ক্ষতিকর কারেন্ট জাল ও বেহুন্দি জালের উৎপাদন বন্ধ করা হবে।
ইলিশ সম্পদ রক্ষায় গতকাল বুধবার দুপুরে বরগুনার আমতলী উপজেলায় আনুষ্ঠানিকভাবে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জেলেদের উদ্দেশে বলেন, ‘আপনারা জাটকা ধরবেন না। আপনাদের যাতে কষ্ট না হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।’ এ সময় তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, ‘মার্চ থেকে জুনের মধ্যে ভিজিডির চাল জেলেদের মধ্যে বিতরণের ব্যবস্থা করতে হবে, যদি তা সময়মতো না দেওয়া হয়, তবে সেই চাল জেলা প্রশাসকেরা জব্দ করে আইনি ব্যবস্থা নেবেন। আইনি ব্যবস্থা নিলে যদি কোনো ধরনের চাপ আসে, তবে আমাকে সরাসরি জানাবেন, আমি আপনাদের সঙ্গে আছি।’ মন্ত্রী আরও বলেন, দেশে কোনো অবস্থায় নিষিদ্ধ কারেন্ট জাল ও বেহুন্দি জাল উৎপাদন হতে দেওয়া হবে না।
‘জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’ এ স্লোগান সামনে রেখে গতকাল বুধবার বেলা একটায় বরগুনার আমতলী উপজেলার ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশে এই সপ্তাহের উদ্বোধন করেন মন্ত্রী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বরগুনার জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনার জেলা প্রশাসক মহা. বশিরুল আলম ও পুলিশ সুপার বিজয় বসাক। সমাবেশে মৎস্যজীবী ও জেলেদের পক্ষে বক্তব্য দেন ফণীভূষণ মালো, আবু বক্কর সিদ্দিকী, আবদুল খালেক, বাচ্চু চৌধুরী ও আনোয়ার হোসেন। এ সময় কোস্টগার্ড ও নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাবেশে মৎস্যমন্ত্রী বিগত বিএনপি ও জামায়াত জোট সরকারের সময় খাদ্য সহায়তার চিত্র তুলে ধরে বলেন, ‘খালেদা জিয়ার আমলে জেলেদের জন্য ৬ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হতো। কিন্তু বর্তমান সরকার সেখানে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা দিচ্ছে।’ এ সময় মন্ত্রী আমতলী উপজেলার ২৫ কিলোমিটার দীর্ঘ বন্ধ চাওড়া নদী সংস্কার করে মাছ চাষ ও কৃষকের পানি সেচের ব্যবস্থা করারও আশ্বাস দেন।
সমাবেশ শেষে মন্ত্রী পায়রা নদীর ফেরিঘাট থেকে পশ্চিম ঘটখালী পর্যন্ত নৌ-শোভাযাত্রায় অংশ নেন।