নিষিদ্ধ করলে আত্মগোপনে যাবে জামায়াত: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীকে ‘ব্লাডি পার্টি’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে আইন করে এই দলকে নিষিদ্ধ করার পক্ষে নন তিনি। মুহিত বলেন, নিষিদ্ধ করলে দলটি আত্মগোপনে চলে যাবে। 

সচিবালয়ে গতকাল রোববার সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

চলমান হরতাল বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এডিবি কিছু বলেছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কিসের হরতাল! আপনারা দেখছেন না কী ধরনের হরতাল হচ্ছে? জামায়াত একটা ব্লাডি পার্টি। তারা তো বাংলাদেশেই বিশ্বাস করে না। আমি তাদের ঘৃণা করি।’ 

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের পেছনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর একধরনের আঁতাত কাজ করেছে বলে বাজারে একধরনের প্রচারণা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, ‘রাবিশ! এটা নিয়ে আমরা গতকাল (শনিবার) আলোচনা করেছি। আমাদের সঙ্গে কীভাবে কথা বলবে জামায়াত? এসব কথা জামায়াতই ছড়াচ্ছে। বিএনপিও তাদের সঙ্গে আছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আইন করে জামায়াতকে নিষিদ্ধ করাই যায়। কিন্তু করলে মহা অসুবিধা আছে। তাহলে তারা আত্মগোপনে (আন্ডার গ্রাউন্ড) চলে যাবে এবং খুনখারাবি করবে। এরা তো আবার খুনখারাবিতে ওস্তাদ।’

আগামী শীতকালে রাজনৈতিক পরিস্থিতি চাঙা হওয়ার কিছু দেখছেন কি না বা সম্ভাব্য বিদেশি চাপ সামলানোর কৌশল কী—জানতে চাইলে মুহিত বলেন, শুধু শীতকালে কেন, কোনোকালেই সে রকম কোনো সুযোগ দেখছেন না তিনি। মুহিত বলেন, ‘আই ডোন্ট সি এনি চান্স ইন শীতকাল।’  

বিদেশি চাপ বিষয়ে মুহিত বলেন, ‘কোনো বিদেশি চাপ নেই। শুধু যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে কথা বলছে। রাবিশ! আমি বদার করি না। কারণ, তারা অনেক অহেতুক বিষয়েও কথা বলে। যেমন, প্রফেসর ইউনূসকে নিয়ে কথা বলে।’ এরপর বাক্য শেষ করেননি অর্থমন্ত্রী।