জামায়াতে ইসলামী বলেছে, বিভিন্ন মহল থেকে তাদের নিষিদ্ধ করার যে দাবি তোলা হচ্ছে, তা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। জামায়াত একটি আইনানুগ বৈধ রাজনৈতিক দল।গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কথা বলেন। তিনি বলেন, জামায়াত উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ করছে, ১৪ দলের নেতারাসহ সরকারের সমর্থক কোনো কোনো মহল জামায়াতকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তাদের এ দাবি সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিক।বিবৃতিতে ‘জামায়াতকে নিশ্চিহ্ন করার সরকারি ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঘোষিত আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর গত বৃহস্পতিবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচি অনুযায়ী আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি রয়েছে জামায়াতের। তবে বরাবরের মতোই কখন ও কোথায় বিক্ষোভ হবে তা জানানো হয়নি।বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, সরকার একের পর এক আঘাত দিয়ে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র করছে। কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা সারা দেশে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে এবং তাদের সন্ত্রাসের শিকার হয়ে বহু লোক প্রাণ হারিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গত সোমবার রাতে দলীয় কোন্দলে যুবলীগের নেতা রিয়াজুল হক খান নিহত হন এবং র্যাবের হাতে বন্দী অবস্থায় এ হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামিদেরও হত্যা করা হয়েছে। কাজেই সন্ত্রাসে জড়িত থাকার কারণে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করা উচিত।