নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে পদ্মা-মেঘনায় প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা (ছোট আকারের ইলিশ) নিধন করা হচ্ছে। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত প্রতিদিন শত শত জেলে কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধন করে চলেছেন।

স্থানীয় লোকজন বলছেন, সংশ্লিষ্ট বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা না করায় জেলেরা অবাধে কারেন্ট জাল ব্যবহার করছেন।

গত কয়েক দিন সরেজমিনে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট, ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী স্লুইসগেট এলাকা ও ৭ নম্বর তরপুরচণ্ডী ইউনিয়নের উত্তর-পশ্চিম তরপুরচণ্ডী আনন্দবাজার এলাকায় শত শত জেলেনৌকায় বিপুল পরিমাণ কারেন্ট জাল দেখা যায়। জেলেরা এসব জাল দিয়ে জাটকা নিধনের প্রস্তুতি নিচ্ছেন।

রামদাসদী এলাকার কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা যায়, এখানকার জেলেরা ইলিশ ধরতে কয়েক ধরনের জাল ব্যবহার করে থাকেন। তার মধ্যে রয়েছে গোল্টি জাল, কোনা গোল্টি, বাসা গোল্টি, সাদা জাল। এসব জালে সাধারণত বড় আকারের ইলিশ ধরা পড়ে। কিন্তু একশ্রেণীর জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধন করে চলেছেন।

এলাকাবাসী জানান, হরিণা ফেরিঘাট এলাকায় দুই বেলা প্রকাশ্যে জাটকা বিক্রি হয়। এ ছাড়া আনন্দবাজার এলাকায়ও জাটকা বিক্রি হয়। জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত বলেন, শিগগিরই কারেন্ট জাল ব্যবহার ও জাটকা নিধনবিরোধী অভিযান চালানো হবে।