নিষিদ্ধ গেরাফি জালে বিপন্ন সুন্দরবনের মৎস্যসম্পদ
সুন্দরবনের অভ্যন্তরীণ নদ-নদীতে একশ্রেণির অসাধু জেলে গেরাফি জাল ফেলে নির্বিচারে মাছ ধরায় মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। এসব জালে আটকা পড়ে মারা যাচ্ছে ইরাবতীসহ অন্যান্য বিরল প্রজাতির ডলফিন।
সুন্দরবনের অভ্যন্তরের নদ-নদীতে বিরল প্রজাতির ডলফিনের তিনটি অভয়ারণ্য থাকায় সুন্দরবন ও বঙ্গোপসাগর উপকূলে এসব জাল নিষিদ্ধ করা হলেও তা মানছেন না এসব জেলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ জুলাই বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষক অঞ্চলের বন সংরক্ষক তপন কুমার দে স্বাক্ষরিত এক চিঠিতে সুন্দরবনসহ সমুদ্র উপকূলীয় এলাকায় গেরাফি জাল পেতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বন বিভাগের আওতাধীন ও সমুদ্র উপকূলীয় এলাকায় ক্ষতিকর গেরাফি জাল পেতে কেউ যাতে মাছ শিকার করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বন বিভাগের স্থানীয় কার্যালয়গুলোকে অনুরোধ করা হয়। এর আগে ২০১৩ সালের ১৯ জুন একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
সম্প্রতি সুন্দরবন-সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ও কচিখালী এলাকায় গিয়ে দেখা যায়, শরণখোলা রেঞ্জের কচিখালীর মোহনা থেকে কটকা হয়ে সুপতির মোহনা পর্যন্ত এবং সুন্দরবন-সংলগ্ন পক্ষীদিয়া এলাকায় অসংখ্য জেলে গেরাফি জাল পেতে মাছ ধরছেন।
সাউথখালীর এক জেলে জানান, সুন্দরবনের সন্ন্যাসী থেকে শরণখোলা পর্যন্ত কমপক্ষে এক হাজার জেলে গেরাফি জাল দিয়ে মাছ শিকার করেন। এ ছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলার হাজিরখাল, জ্ঞানপাড়া, চরদুয়ানি, রুহিতা এলাকার কয়েক শ জেলে এ জাল দিয়ে মাছ শিকার করেন।
শরণখোলার রায়েন্দা এলাকার জেলে আবদুল আজিজ জানান, ১০ থেকে ১৫ হাত প্রস্থ ও দুই থেকে তিন হাজার হাত লম্বা এই জালের সঙ্গে ২৫০-৩০০ হাত পরপর একটি করে গেরাফি বেঁধে ওই জাল নদীতে ফেলে রাখা হয়। জাল যাতে নিচ থেকে ওপর পর্যন্ত ভেসে থাকতে পারে সে জন্য এর উপরি অংশে কনটেইনার বেঁধে ভাসিয়ে রাখা হয়। সাধারণত ছয় থেকে আট মণ জাল নিয়ে একেকটি গেরাফি তৈরি হয়। এই জাল যেখানেই পাতা হোক, সেখানকার মাছ বা জলজ প্রাণী এতে আটকা পড়ে। ইলিশ, জাটকা, গাগড়া, রামসোস, পোয়া, মোচন ছাড়াও বিভিন্ন প্রজাতির হাঙর ও ডলফিন এই জালে আটকা পড়ে মারা যাচ্ছে।
জেলেরা জানান, জোয়ারের পানি টানের সময় হিসাবে মাসে ১৪-১৫ দিন গেরাফি জাল ফেলে সুন্দরবন ও বঙ্গোপসাগর ও বলেশ্বর, বিষখালী ও পায়রা নদীর মোহনায় মাছ ধরেন জেলেরা। প্রতিবার তাতে সাধারণত দুই থেকে পাঁচ মণ মাছ আটকা পড়ে।
সুন্দরবনের কচিখালী এলাকার কয়েকজন জেলে বলেন, সুন্দরবনের অভ্যন্তরের নদ-নদীতে জেলেরা গভীর রাতে ট্রলারে করে এসে জাল ফেলে চলে যান। পরে সুযোগ বুঝে জাল তোলেন।
কচিখালী এলাকায় বন বিভাগের ভ্রাম্যমাণ শুল্ক আদায়কারী নৌযানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব জেলে সংখ্যায় অনেক হওয়ায় বন বিভাগের একার পক্ষে তাঁদের রোধ করা অসম্ভব। তা ছাড়া বন বিভাগের লোকবল কম ও ভালো নৌযান না থাকায় তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া কঠিন।
কোস্টগার্ডের পশ্চিম অঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন মেহেদি মাসুদ জানান, ‘গেরাফি জাল উচ্ছেদের ব্যাপারে অভিযান অব্যাহত আছে। আমরা বেশ কিছু জাল জব্দ করেছি।’
সুন্দরবন পূর্বাঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী জানান, নির্দেশনা অনুযায়ী যেখানে ১০ মিটারের অধিক পানি আছে, সেখানে গেরাফি জাল দিয়ে মাছ ধরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। ১০ মিটারের কম পানিতে যাঁরা জাল ফেলছেন, তাঁদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।