নিষিদ্ধ জাল জব্দ ১১ জেলের জেল-জরিমানা
ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ খরছি জাল জব্দ করেছে। এ সময় ১১ জেলেকে আটক, দুটি ট্রলার ও কিছু মাছ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ওই ১১ জেলেকে জেল-জরিমানা করেছেন।
গত শনিবার ভোলা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তজুমদ্দিন উপজেলার তেলিয়ার চর এলাকায় নদীতে পাতা প্রায় তিন কিলোমিটার লম্বা খরছি জাল জব্দ করে।
পরে রাত আটটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, নির্বাহী হাকিম ইমতিয়াজ হোসেন, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।
অভিযানের সময় ওই অবৈধ জাল পাতার অভিযোগে ১১ জেলেকে আটক এবং দুটি ট্রলার ও কিছু মাছ জব্দ করা হয়। মাছগুলো ১৮ হাজার ৩০০ টাকায় নিলামে বিক্রি করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম ইমতিয়াজ হোসেন ১১ জেলের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেন।
তাঁদের গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে।