নিষিদ্ধ জাল জমা দিতে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম হাওর হাকালুকির পোনা ও মা-মাছ রক্ষায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের পক্ষ থেকে নিষিদ্ধ জাল জমা দিতে গত মঙ্গলবার মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। ৩০ মের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাল জমা দিতে হবে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বৈশাখ থেকে শ্রাবণ মাস মাছের প্রজনন মৌসুম। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী, এ মৌসুমে এক দশমিক শূন্য সেন্টিমিটার বা এর চেয়ে কম ব্যাস বা দৈর্ঘ্যের ফাঁসবিশিষ্ট জাল ব্যবহার নিষিদ্ধ। এ ছাড়া মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার গত দুই বছরে হাকালুকির ১৮টি বিলের ইজারা বন্ধ করে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করেছে।সূত্র জানায়, হাওরের পোনা ও মা-মাছ নিধন ঠেকাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সম্প্রতি হাওরপারের বিভিন্ন গ্রামে ৩৮টি নিষিদ্ধ জালের সন্ধান পায়। এর মধ্যে বেলাগাঁও গ্রামে ১৯টি, মধ্য নয়াগ্রামে পাঁচটি, ভাটি শাহপুরে পাঁচটি, বাছিরপুর গ্রামে সাতটি ও আমতৈলে দুটি নিষিদ্ধ জাল রয়েছে। এসব জাল আগামী শ্রাবণ মাস পর্যন্ত ইউএনও অথবা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জমা রাখতে জালমালিকদের নামে নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জাল জমা না দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জালমালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করে ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, এলাকাবাসী সহায়ক ভূমিকা রাখবে।