নিষিদ্ধ জালে আ.লীগ নেতাদের মাছ নিধন
রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা নদীতে অবৈধ সুতিজাল পেতে অবাধে মাছ নিধন করছেন। নিষিদ্ধ এসব জালে আটকা পড়ছে পোনা ও মা মাছ।বাগমারার মধ্যে দিয়ে প্রবাহিত বারানই ও ফকিন্নি নদীতে বর্ষার শুরু থেকে সুতিজাল পেতে প্রভাবশালী ব্যক্তিরা মাছ ধরছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বাগমারা এলাকায় ১০টি সুতিজাল পাতা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ জালই পাতা হয়েছে বারানই নদীতে। সবচেয়ে বেশি জাল পাতা হয়েছে আচিনঘাট থেকে তাহেরপুর পর্যন্ত।সরেজমিনে দেখা গেছে, নদীতে বাঁশের বেড়া দিয়ে পানির স্রোত বাড়িয়ে এর মুখে পাতা হয়েছে এসব জাল, যাতে সব ধরনের মাছ আটকা পড়ছে। ব্যবহার-নিষিদ্ধ এই জালে মাছ ছাড়াও আটকা পড়ছে বিভিন্ন ধরনের জলজ প্রাণী ও কীটপতঙ্গ।মৎস্য বিভাগ সূত্র জানায়, বারানই নদীতে চলতি মৌসুমে পাঁচ লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সরকারি এ টাকায় সর্বশেষ গত সোমবার ছাড়া হয়েছে অর্ধলক্ষাধিক টাকার মাছ। ওই সব মাছও আটকা পড়ছে সুতিজালে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নদীতে বাঁশের বেড়া দেওয়ার কারণে নৌকা চলাচলে সমস্যা হয়। পাবনার নৌকাচালক আলমাছ আলী জানান, নৌকা নিয়ে বাগমারায় আসার সময় তাঁদের নৌকা থানার অদূরে একটি সুতিজালে আটকে যায়। জালের সামান্য ক্ষতি হওয়ায় সুতিজালের মালিক তাঁদের মারধর করেছেন।অনুসন্ধানে জানা গেছে, বারানই নদীর রামগুইয়াতে পাতা সুতিজাল পরিচালনা করছেন বাগমারা তরুণ লীগের সভাপতি আবু জাফর। তিনি সেখানে সুতিজাল পাতার কথা স্বীকার করেছেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন সুতিজাল পেতে মাছ ধরছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার জালের সামনে ও পেছনে সুতিজাল আছে। তাঁদেরটা অবৈধ হলে আমারটাও অবৈধ।’ জাফরের জালের সামনে রয়েছে আরেকটি সুতিজাল। সেটি নিয়ন্ত্রণ করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন মৃধা। গতকাল বুধবার দুপুরে ও বিকেলে কয়েকবার মকবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা তা বন্ধ পাওয়া গেছে। একই নদীর কামারখালীতে সুতিজাল পেতেছেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম। উপজেলা তরুণ লীগের সভাপতি আবু জাফরও এ তথ্য জানিয়েছেন। সেখানে কর্মরত কয়েকজন শ্রমিকও একই কথা জানালেন। তবে রফিকুল ইসলাম তা অস্বীকার করে জানান, তিনি নন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের এক নেতা এর সঙ্গে জড়িত।রামকৃষ্ণপুর গ্রামের জেলে অসীম কুমার জানান, নদীতে সুতিজাল পাতায় তাঁরা মাছ পাচ্ছেন না। তাঁরা মৎস্য আইন মেনে চললেও প্রভাবশালীরা অর্থাৎ সুতিজালের মালিকেরা তা মানছেন না। তাঁরা এখন মাছ ধরা বন্ধ রাখলেও সুতিজাল মালিকেরা ধরছেন অবাধে।উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, সুতিজাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। সুতিজালে পোনা ও মা মাছ আটকা পড়ার কথা তিনি স্বীকার করেছেন। প্রভাবশালীদের বিরুদ্ধে জেলেরা একাধিকবার অভিযোগ করলেও কেন ওই প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে বলা হয়েছে। তিনি সম্মতি দিলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হবে।ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান মৎস্য কর্মকর্তার চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, কারা এসব জাল পেতেছেন, সে ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য মৎস্য কর্মকর্তাকে বলা হয়েছে। এর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন।