নিষিদ্ধ জালে ধরা পড়ছে জাটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার উপকূলীয় নদ-নদী ও সাগরের মোহনা থেকে নিষিদ্ধ ফাঁসের জাল দিয়ে এক সপ্তাহ ধরে ব্যাপকহারে জাটকা নিধন চলছে। বরগুনাসহ দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে প্রতিদিন হাজার হাজার মণ জাটকা ইলিশ বিক্রি হচ্ছে।এদিকে নভেম্বর মাস থেকে ৩১ মে পর্যন্ত জাটকার মৌসুম পেরিয়ে পূর্ণাঙ্গ ইলিশ পাওয়ার কথা থাকলেও এখনো জাটকা ধরা পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে বলে তাঁরা ধারণা করছেন। মৎস্য অধিদপ্তরের ‘ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পের’ পরিচালক (পিডি) জাহিদ হাবিব বলেন, ‘শ্রাবণ (জুলাই-আগস্ট) মাসে নদ-নদীতে জাটকা ধরা পড়া বিস্ময়ের ব্যাপার। সাধারণত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ। কারণ, এ সময় বাচ্চা ইলিশ উপকূলে থাকে এবং তা আষাঢ়-শ্রাবণে পরিপূর্ণ হয়। আবহাওয়া পরিবর্তনের কারণে প্রজনন মৌসুমের হেরফের হওয়ায় বিষয়টি সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে হবে। প্রয়োজনে জাটকা ধরার নিষেধাজ্ঞার সময়ে পরিবর্তন আনতে হবে।’মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সরকার ইলিশ মাছ রক্ষায় উপকূলীয় নদ-নদীতে সাড়ে চার ইঞ্চির কম ফাঁসের জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে। কিন্তু বর্তমানে উপকূলের নদ-নদীতে ব্যাপকহারে ছোট ফাঁসের জাল নিয়ে প্রতিদিন লাখ লাখ জাটকা নিধন করা হচ্ছে।মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য নভেম্বর মাস থেকে ৩১ মে পর্যন্ত উপকূল এলাকার নদ-নদী ও সাগর মোহনায় জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হয়। এ সময়ে জেলেদের পুনর্বাসনে সরকার উপকূলের দুই লাখ ছয় হাজার জেলে পরিবারকে প্রায় ২৫ হাজার মেট্রিক টন খাদ্য-সহায়তা দেয়। উপকূলীয় এলাকায় জাটকা সংরক্ষণের বিষয়ে জেলে ও ভোক্তা পর্যায়ে দুই মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। সাম্প্রতিক সময়ে উপকূলীয় নদ-নদীতে ব্যাপকহারে জাটকা নিধনের কারণে এই কর্মসূচির সফলতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বরগুনা, পটুয়াখালী ও বাগেরহাট জেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিদিন কয়েক হাজার মণ জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। ছোট ফাঁসের কারেন্ট জাল ও অন্যান্য জাল দিয়ে বরগুনার বলেশ্বর নদ, বিষখালী ও পায়রা নদী ও পটুয়াখালী জেলার আন্ধারমানিক ও বঙ্গোপসাগর মোহনায় জেলেদের জাটকা ধরতে দেখা গেছে।বৃহস্পতিবার দুপুরে বরগুনা সদরের মাছখালী জেলেপল্লি-সংলগ্ন বিষখালী নদীর তীরে গিয়ে দেখা যায়, প্রায় ৩০০ ছোট নৌকায় জেলেরা জাটকা ইলিশ শিকার করছেন। মাছখালী জেলেপল্লির বাসিন্দা সগির হোসেন জানান, এক সপ্তাহ ধরে নদীতে ঝাঁকে ঝাঁকে জাটকা ইলিশ ধরা পড়ছে। পাথরঘাটা ও চরদুয়ানি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা জানান, বর্তমানে ইলিশের ভরা মৌসুম হলেও এখন পর্যন্ত ইলিশের মুখ দেখেনি জেলেরা। তাই বাধ্য হয়ে ছোট ফাঁসের জাল দিয়ে জাটকা ধরছেন।জানা গেছে, ছোট ফাঁসের জালে ধরা এসব মাছ বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা, তাফালবাড়ি, আমড়াগাছিয়া, রাজাপুর, খোন্তাকাটাসহ বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে। একইভাবে পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট জেলার হাটবাজার ও মৎস্য আড়তে অবাধে জাটকা বিক্রি হচ্ছে।বরগুনা সদর উপজলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘আমরা প্রায়ই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাটকা ধরা বন্ধে কার্যক্রম পরিচালনা করি। কিন্তু এতো বিশাল এলাকায় লোকবলসংকটের কারণে সার্বক্ষণিক নজরদারি করা অসম্ভব।’পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক সুলতান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতে হেরফের হওয়ায় ইলিশের পরিপূর্ণ মৌসুমেও জাটকা ধরা পড়ছে। কারণ বৃষ্টিপাতের সঙ্গে ইলিশের প্রজনন সম্পর্কিত। ইলিশের উৎপাদন বাড়াতে সরকারকে নতুন করে ভাবতে হবে। এ ক্ষেত্রে সারা বছরই জাটকা নিধন নিষিদ্ধ করতে হবে।