নিষিদ্ধ জালে মাছ শিকার, পাঁচ জেলেকে দণ্ড
নিষিদ্ধ মশারি ও কারেন্ট জাল দিয়ে হাওরে মাছ শিকারের দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় চারজন জেলের প্রত্যেককে পাঁচ দিন করে কারাদণ্ড ও একজনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, উপজেলার ধারাম হাওরে আজ শুক্রবার দুপুরে স্থানীয় জেলে আইধর আলী (৩৫), তোতা মিয়া (৪৫), হাবিব মিয়া (২২) মশারি জাল দিয়ে এবং রুমান মিয়া (২৪) ও জামান মিয়া (২৬) কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁদেরকে সেখান থেকে আটক করা হয়। এ সময় ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি মশারি জাল ও ৫০ কেজি ওজনের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বিকেলে তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক আইধর আলী, তোতা মিয়া, হাবিব মিয়া ও জামান মিয়াকে পাঁচ দিন করে কারাদণ্ড দেন এবং রুমান মিয়াকে এক হাজার টাকা জরিমানা করেন।
ধরমপাশা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মাসুদ করিম বলেন, রুমান মিয়া জরিমানার এক হাজার টাকা পরিশোধ করে সেখান থেকে মুক্তি পেয়েছেন। কারাদণ্ড দেওয়া বাকি চার জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।