নিষিদ্ধ জালে মারা পড়ছে সামুদ্রিক কচ্ছপ
বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগর তীরের সোনাকাটা, আশারচর, নলবুনিয়াচরসহ সংলগ্ন সৈকতে ডিম দিতে এসে প্রতিনিয়ত মারা পড়েছে অসংখ্য মা-কচ্ছপ। চিংড়ি ও অন্যান্য মাছ ধরার ছোট ফাঁসের অবৈধ জালে আটকা পড়ে এসব কচ্ছপ মারা পড়ছে।জলপাই রঙের (অলিভ রিডলে) বৃহৎ এসব সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়ার জন্য দক্ষিণ উপকূলের বিভিন্ন সৈকতে আসে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, এসব প্রজাতির কচ্ছপের অবস্থা সংকটাপন্ন। স্থানীয় ব্যক্তিরা জানান, এই মৌসুমে ডিম পাড়ার জন্য মা-কচ্ছপরা গভীর সাগর থেকে ঢেউয়ের তোড়ে সৈকতে আসে।এ সময় নিষিদ্ধ খুঁটিজাল, ভাসাজাল, চিংড়ি ধরার জাল, বেড়জালসহ ছোট ফাঁসের জালে আটকা পড়লে জেলেরা তা পিটিয়ে মেরে ফেলেন। পরে এরা চরের বালিয়াড়িতে শিয়াল-কুকুরের খাদ্যে পরিণত হয়। দেড় মাসে এই এলাকায় প্রায় ২৫টি মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখেছেন তাঁরা।বঙ্গোপসাগরের মোহনার তালতলী উপজেলার আশারচর, নলবুনিয়া এলাকায় শুঁটকিপল্লি গড়ে ওঠায় এসব এলাকার প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে এসব নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে শুঁটকি করার জন্য। মৎস্য বিজ্ঞানীরা জানান, জুলাই থেকে আগস্টে কচ্ছপ ডিম দেয় ও তা এপ্রিল পর্যন্ত চলে। মা-কচ্ছপ বালুচরে ৫০ থেকে ১০০ সেন্টিমিটার গর্ত করে ডিম পাড়ে ও ৪৫ থেকে ৭০ দিন পরে বালুর উত্তাপে ডিম থেকে বাচ্চা ফোটে। প্রতিটি মা-কচ্ছপ একসঙ্গে ৫০ থেকে ১৮০টি ডিম পাড়ে। অলিভ রিডলে কচ্ছপের ডিম পাড়তে সময় লাগে ৪৫ থেকে ৬৫ মিনিট। কখনো কখনো ১০০ মিনিটেরও বেশি সময় লাগে। সাধারণত মা-কচ্ছপ রাত আটটা থেকে দুইটার মধ্যে ডিম পাড়তে উঠে এবং রাতে ডিম পাড়তে পছন্দ করে এরা। পরে ডিম বালুতে ঢেকে রেখে চলে যায় এবং বাচ্চা ফোটার পর কচ্ছপের বাচ্চারা সাগরে নেমে যায়।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম নওশাদ আলম বলেন, ‘২০০০-২০০৫ সাল পর্যন্ত বিশ্ব খাদ্য সংস্থার অধীনে ইসিএসপি প্রকল্পের আওতায় আমরা এসব সামুদ্রিক কচ্ছপের জীবন ও প্রজননচক্র নিয়ে কাজ করেছি। তাতে দেখা গেছে, চিংড়ি ধরার জাল ও বালুচরে কুকুর, শিয়ালের দ্বারা এসব কচ্ছপের বংশবিস্তার ও মা-কচ্ছপের জীবন মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী চিংড়ি ও অন্যান্য জালে টিইডি (টার্টেল এক্সক্লুসিভ) থাকা বাধ্যতামূলক। জালের এই ফাঁকা পকেট (টিইডি) দিয়ে কচ্ছপগুলো নিরাপদে বেরিয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেশের বেশির ভাগ জেলে তা ব্যবহার করছে না বলে এই প্রজাতির কচ্ছপের অস্তিত্ব সংকটাপন্ন হচ্ছে। কচ্ছপ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি পর্যায় থেকে এগিয়ে আসা প্রয়োজন।’গত শুক্রবার আশারচর ও নলবুনিয়া বনসংলগ্ন চরে গিয়ে দেখা যায়, মৃত দুটি কচ্ছপ চরে আটকা পড়ে পচে যাচ্ছে। এর মধ্যে একটি পেটের অংশে আঘাতের চিহ্ন দেখা যায়। এর আগে জানুয়ারির শেষ দিকে একই এলাকায় তিনটি মৃত কচ্ছপ বালুচরে পড়ে থাকতে দেখেছেন জেলেরা। একই সময়ে চরের দক্ষিণ অংশে নলবুনিয়া সংরক্ষিত বনেও একটি মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখেন তাঁরা। ছোট ফাঁসের জালে আটকা পড়ার পর লাঠি দিয়ে পিটিয়ে কচ্ছপগুলোকে মারা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যক্তিরা।আবুল কালাম নামের পাথরঘাটার পদ্মা গ্রামের এক জেলে জানান, দুই মাস ধরে অনেক মৃত কচ্ছপ তিনি সাগর মোহনায় ভাসতে দেখেছেন। ডিম পাড়তে কিনারে আসার সময় খুঁটি, বেহেন্দি ও ছোট ফাঁসের অন্যান্য জালে আটকা পড়ে এসব কচ্ছপ মারা যাচ্ছে বলে তাঁর ধারণা।নাম গোপন রাখার শর্তে আরেক জেলে জানান, প্রায় দিনই তাঁদের জালে কচ্ছপ আটকা পড়ছে। জাল ছিঁড়ে ফেলে বলে তাঁরা এগুলো পিটিয়ে মেরে ফেলেন। অনেকে এসব কচ্ছপ ধরে চড়া দামে গোপনে বিক্রি করেন বলে জানান তিনি।