নিষিদ্ধ নোট-গাইড বিক্রির দায়িত্বে বিদ্যালয় কর্তৃপক্ষ!
সরকারিভাবে নোট-গাইড বই বিক্রি ও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি নিষিদ্ধ করা হলেও ভোলায় এসব বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রকাশকরা প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ২০ থেকে ৩০ হাজার টাকা দিয়ে তাঁদের মাধ্যমে এসব বই বিক্রি করছে। অন্য বছর অর্থের বিনিময়ে এই কাজটি শিক্ষক সমিতি করলেও এবার বিদ্যালয়ের প্রধানেরাই এই কাজ করছেন। তবে সমিতিকেও চাঁদার একটি অংশ দেওয়া হয়েছে।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাম্মেল হক প্রথম আলোকে বলেন, কোনো বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত বাইরের কোনো ব্যাকরণ, গ্রামার ও সহপাঠ পাঠ্য করতে পারবে না এবং কোনো বিক্রেতা নোট-গাইড বিক্রি করতে পারবেন না। নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত কয়েকটি সহায়ক বই ক্রয়-বিক্রয় করা যাবে, এগুলোর তালিকা বিদ্যালয়গুলোকে দেওয়া হয়েছে। এই নিয়ম উপেক্ষা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।সদর উপজেলার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান বলেন, বোর্ড থেকে যে ব্যাকরণ, গ্রামার বই দেওয়া হয়েছে, তা আয়াত্ত করার জন্য মেধাবী ছাত্র এবং পাঠদানের জন্য মেধাসম্পন্ন শিক্ষক দরকার। কিন্তু মফস্বল ও আশপাশের বিদ্যালয়গুলোতে এ রকম ছাত্র ও শিক্ষকের সংকট রয়েছে।সরেজমিনে জানা যায়, ভোলা সদরে গোপনে ও মফস্বলের বইয়ের দোকানগুলোতে প্রকাশ্যে নোট-গাইড বিক্রি হচ্ছে। বর্তমানে আর নোট-গাইড আলাদা বিষয়ে ভাগ করা নেই। সব কটি বিষয় একত্রে গাইড আকারে পাওয়া যাচ্ছে। অর্থাত্ একটি বই কিনলেই সব বিষয়ের নোট পাওয়া যায়। দোকানের গোপন স্থানে এসব বই লুকানো থাকে। নানা নামে এসব প্রকাশ করছে হাসান বুক হাউজ, টেলিগ্রাফ পাবলিকেশন্স ও পপি লাইব্রেরি।বোরহানউদ্দিনের কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল ও ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক শারমিন জাহান বলেন, সরকার যে ব্যাকরণ, গ্রামার ও সহপাঠ দিয়েছে, তা খুব উন্নত ও নির্ভুল। কিন্তু বাজারের প্রকাশিত অধিকাংশ ব্যাকরণ ও গ্রামার বই ভুলে ভরা। তার পরও অভিভাবকদের এসব বই কিনতে বাধ্য করা হচ্ছে। অর্থের বিনিময়ে বাইরের বই পাঠ্য করা বিষয়ে ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা সমিতির নির্দেশ অনুযায়ী চলছি।’ সদর উপজেলার উত্তর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাসান মিজানুর রহমান বলেন, ‘নবম শ্রেণীতে গ্রামার দেওয়া হয়নি, তাই বাইরের বই পাঠ্য করেছি।’বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ বাইরের বই পাঠ্য করা সম্পর্কে বলেন, ‘কম মূল্যে পাওয়া যায়, তাই এসব বই পাঠ্য করা হয়েছে।’ তবে অর্থ নিয়ে পাঠ্য করার অভিযোগ তিনি অস্বীকার করেন। দৌলতখান সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহিরচন্দ্র দাস বলেন, ‘ছাত্ররা নিজেরাই বাইরের বই কিনছে, কিন্তু দোষ হচ্ছে আমাদের।’ দৌলতখান মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ‘স্কুল কীভাবে বই পাঠ্য করেছে, সেটা স্কুলই বলতে পারবে, সমিতি জানে না।’ লালমোহন শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’চরফ্যাশন শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি মো. শাহে আলম বলেন, ‘আমরা ছাত্রদের মেধা, অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দুই বছরের জন্য হাসান বুক হাউসের বই পাঠ্য করেছি। এটা করেছি সব শিক্ষকের পরামর্শে।’