নিষিদ্ধ নোট-গাইড বিক্রির দায়িত্বে বিদ্যালয় কর্তৃপক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে নোট-গাইড বিক্রি নিষিদ্ধ করা হলেও বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এসব বই কিনতে শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রকাশকেরা বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষককে মোটা অঙ্কের টাকা দিয়ে তাঁদের মাধ্যমে এসব বই বিক্রি করছেন। আগে টাকার বিনিময়ে শিক্ষক সমিতি করলেও এবার কাজটি প্রধান শিক্ষকেরাই করছেন। স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষাক্ষেত্রে সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতিতে পরীক্ষা শুরু হওয়ায় এখন শিক্ষার্থীদের অবশ্যই পাঠ্যবই পড়তে হবে। কিন্তু একশ্রেণীর অসাধু প্রকাশনা সংস্থা শিক্ষকদের মোটা অঙ্কের টাকা দিয়ে শিক্ষার্থীদের নিষিদ্ধ গাইড বই পড়তে বাধ্য করছেন। বাজারের এসব নোট-গাইড কিনে একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিভাবকেরা, আরেক দিকে এসব বই পড়ে মেধাশূন্য হয়ে পড়ছে শিক্ষার্থীরা। মাঝপথে লাভবান হচ্ছে কিছু অসাধু প্রকাশনা সংস্থা ও বইয়ের দোকানিরা। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা সদরসহ বিভিন্ন বাজার এলাকায় দোকানগুলোতে প্রকাশ্যে নোট-গাইড বিক্রি হচ্ছে। বর্তমানে আর নোট-গাইড আলাদা বিষয়ে ভাগ করা নেই। সব কটি বিষয় একত্রে গাইড আকারে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটি বই কিনলেই সব বিষয়ের নোট পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুিক এক শিক্ষক বলেন, প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রতিনিধিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে গাইড চালানোর জন্য শিক্ষকদের টাকার প্রলোভন দেখাচ্ছেন। প্রকাশনার প্রতিনিধির সঙ্গে রফা হওয়ার পর শিক্ষকেরা ওই প্রকাশনার গাইড কেনার জন্য শিক্ষার্থীদের জানিয়ে দিচ্ছেন। উপজেলা সদরের শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলে, ‘স্যার আমাদের নব পুঁথিঘরের গাইড বই কিনতে বলেছেন। কিন্তু বিশাল আকারের সে গাইড পড়ে কিছুই বুঝতে পারছি না।’ নিষিদ্ধ হওয়ার পরও শিক্ষার্থীদের নোট-গাইড কিনতে বলা প্রসঙ্গে শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, ‘আমি নোট-গাইড কিনতে বলেছি এ অভিযোগ সত্য নয়। বরং আমি বারবার বলে আসছি, এখন আর গাইডনির্ভর হওয়া যাবে না।’ অভিভাবক রেজাউল ইসলাম জানান, প্রায় এক হাজার টাকা দিয়ে তিনি তাঁর মেয়েকে গাইড বই কিনে দিয়েছেন। বাজারে সব বইয়ের দোকানে প্রায় একই দাম। উপজেলার শব্দলদীঘি আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘এবার যে গ্রামার (ব্যাকরণ) দেওয়া হয়েছে, তা শিক্ষার্থী তো বটেই, অনেক শিক্ষকও বুঝতে পারছেন না। অন্য বিষয়গুলোও নতুন সিলেবাস হওয়ায় কঠিন মনে হচ্ছে। তাই শিক্ষকেরা নোট-গাইড কেনার কথা বলছেন।’ শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, তাঁর কাছে কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান টাকার প্রলোভন দেখিয়ে তাদের গাইড কেনার জন্য চুক্তি করতে চেয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব প্রথম আলোকে জানান, সরকার এসব নোট-গাইড নিষিদ্ধ করেছে। তার পরও যদি কেউ এসব বই কেনার জন্য শিক্ষার্থীদের বলে থাকেন, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।