নিষিদ্ধ পলিথিন ব্যাগে হাট-বাজার সয়লাব
পরিবেশ বিপর্যয়ের অন্যতম উপাদান নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব হয়ে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরদারি না থাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব পলিথিন ব্যাগ।
পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় পলিথিনের উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে বিভিন্ন সময় আইন বা প্রজ্ঞাপন জারি করা হলেও মাঠপর্যায়ে প্রয়োজনীয় তদারকি না থাকায় এর ব্যবহার বন্ধ হয়নি। পলিথিনবিরোধী অভিযান বর্তমানে নেই বললেই চলে।
উপজেলার সলঙ্গা, ঘুড়কা, নলকা, সাহেবগঞ্জ, ভুইয়াগাঁতী, ধানগড়া, চান্দাইকোনা, পাঙ্গাসী, নিমগাছিসহ বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা যায়, অবাধে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে। তরিতরকারি, ফলমূল, মাছ-মাংসসহ প্রায় সবকিছুই বহন করার জন্য ক্রেতা-বিক্রেতারা পলিথিন ব্যাগ ব্যবহার করছেন।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিত্য গোপাল চৌধুরী বলেন, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগে দীর্ঘ সময় খাদ্যদ্রব্য রাখলে তার গুণগত মান নষ্ট হয়ে মানুষের নানা সমস্যা হতে পারে।