নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার
থলে না নিয়ে বাজারে সবজি কিনতে যাওয়া স্থানীয় মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। দোকান থেকে কিছু কেনাকাটার পর বিক্রেতাও স্বাভাবিকভাবেই তা পলিথিনের থলেতে ভরে দিচ্ছেন। সাভার, ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন বাজার ঘুরে মুদি, মিষ্টি ও ফলের দোকানেও পলিথিনের অবাধ ব্যবহার দেখা গেছে।বাড়ি ও রাস্তার পাশের অব্যবহূত জায়গাসহ জলাধারগুলো ভড়ে গেছে পলিথিনের আস্তরণে। বছরের পর বছর ধরে এই পরিস্থিতি চলে এলেও ব্যবহার বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কোনো তৎপরতা নেই।কেন এমন হচ্ছে—এই প্রশ্নের জবাবে সাভার বাজারের কয়েজন পলিথিন ব্যবসায়ী বলেন, রাজধানীর বিভিন্ন কারখানায় অবাধে উৎপাদন হচ্ছে নিষিদ্ধ পলিথিন। এগুলো যাচ্ছে সাভার, আশুলিয়াসহ ধামরাইয়ের বড় পলিথিন ব্যবসায়ীদের কাছে। তাঁদের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে শহর ও গ্রামের হাট-বাজারের বিভিন্ন দোকানে।সাভার উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাইনুদ্দিন বলেন, ‘পলিথিনের থলে পচনশীল নয়। এসব পলিথিন মাটির মারাত্মক ক্ষতি করছে। ক্ষতি জেনেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিষিদ্ধ পলিথিন বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমাদের নেই।’সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন সরদার বলেন, শিগগিরই অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও এর ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।