নিষিদ্ধ পলিথিনের কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রি নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে নগরের উত্তর আগ্রাবাদ রঙ্গিপাড়ায় একটি পলিথিন কারখানা বন্ধ করে (সিলগালা) দিয়েছে র‌্যাব। গতকাল রোববার বিকেলে পরিচালিত ওই অভিযানে পলিথিন তৈরির ১০টি মেশিন, এক হাজার ৩০০ কেজি পলিথিন ও পলিথিন তৈরির ১১৪ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। র‌্যাবের অভিযানের আগেই জম জম ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে কারখানাটির মালিক সোহাগ (৩৫) পালিয়ে যান। দুই মাস আগে পরিবেশ অধিদপ্তর একই কারখানাকে জরিমানা করেছিল। এর পরও কারখানা চালু রাখায় এ অভিযান চালানো হয়।অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক হারুনুর রশিদ অংশ নেন। র‌্যাব-৭-এর উপপরিচালক মেজর রকিবুল আমিন প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় পলিথিন তৈরির ছয়টি এলডিপি মেশিন, চারটি কার্টার, ১১৪ বস্তা (২৮৫০ কেজি) উচ্চ ঘনত্বের পলিথিন দানা, ৯২৫ কেজি পলিথিন রোল ও ৩৭৫ কেজি পলিথিনের বস্তা উদ্ধার করা হয়।’ মেজর রকিবুল বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই মালিক সরে পড়েন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।’চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। মালিককে পাওয়া যায়নি। চারজন শ্রমিক কারখানায় ছিলেন। তবে আইন অনুসারে শ্রমিকদের গ্রেপ্তারের বিধান না থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’ পরিবেশ আইনে কারখানাটির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে পরিবেশ অধিদপ্তর।