নিষিদ্ধ পলিথিনের ছড়াছড়ি গাজীপুরে
গাজীপুর জেলা শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিনের ছড়াছড়ি। প্রকাশ্যেই বিক্রি ও ব্যবহার করা হচ্ছে পলিথিনের ব্যাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহরের বাজার, চান্দনা চৌরাস্তা, ভোগড়া এলাকার দুটি বাজার, কোনাবাড়ী কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে পলিথিন ব্যাগের ছড়াছড়ি। তবে সরকার পলিথিনের ওপর নিষেধাজ্ঞা জারি করার পর বেশ কিছুদিন এর ব্যবহার ও বিক্রি বন্ধ ছিল।
পলিথিন ব্যবহারকারী কয়েকজন ব্যক্তি প্রথম আলোকে বলেন, এখন বাজারগুলোতে কোনো কিছু কেনার পর দোকানিরা পলিথিন ব্যাগে তা ভরে দিচ্ছেন। পলিথিনের বিকল্প ব্যাগ থাকলেও দাম বেশি, তাই এর প্রতি ক্রেতা বা বিক্রেতাদের আগ্রহ কম।
গাজীপুরের ভোগড়া কাঁচাবাজারে পলিথিন ব্যাগ ব্যবহারকারী সুলতান মণ্ডল বলেন, ‘দোকান থাইকা কিছু কিনলে তারাই পলিথিন ব্যাগ দেয়। আমি কী করমু?’
গাজীপুরের কোনাবাড়ী বাজারের ব্যবসায়ী আবদুর রশিদ বলেন, ‘ক্রেতারা ব্যাগ নিয়ে বাজারে আসেন না। তাই পলিথিন না দিলে তাঁরা মাল ক্রয় করতে চান না। তাই উপায় না দেখে পলিথিন রাখতে হয়। পলিথিন ব্যাগ নিষিদ্ধ থাকলেও বাজারে এর চাহিদা বেড়ে গেছে।’
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া সুলতানা বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। এর ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর থেকে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। এ ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কয়েকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছিল। এর পরও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থানে গোপনে পলিথিন ব্যাগ উৎপাদন কিংবা বিক্রি করছেন। তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
২০০২ সালের ৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে পলিথিনের সব ধরনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ নিষিদ্ধ করে।