নিষিদ্ধ পলিথিনের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিনে ছেয়ে গেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের হাটবাজার। সাভারের নামাবাজারের বেশ কয়েকটি গুদাম থেকে আশপাশের বাজারে এসব পলিথিন ছড়িয়ে পড়ছে। অথচ প্রশাসন এ ব্যাপারে উদাসীন। অনুসন্ধানে জানা গেছে, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের হাটবাজারে নিষিদ্ধ পলিথিনের থলে সরবরাহ করেন নামাবাজারের ব্যবসায়ী উৎপল সাহা, গোপাল সাহা, বিপ্লব সাহাসহ আরও কয়েকজন। নামাবাজারের বিভিন্ন বিপণিবিতানে তাঁদের দোকান আছে। তবে এসব দোকানে কোনো পলিথিন থাকে না। নামাবাজারের পেরেকপট্টিতে অবস্থিত ‘রাখাল স্টোরের’ মালিক উৎপল সাহা। এই দোকানে কাগজের ঠোঙা, জাল ও পুরোনো সিমেন্টের বস্তা দিয়ে তৈরি থলে বিক্রি করা হয়। কিন্তু এসবের আড়ালেই চলে পলিথিনের ব্যবসা। জানা গেছে, পেরেকপট্টির দোকান থেকে ১০০ গজ দূরেই রয়েছে আধা পাকা একটি দ্বিতল ভবন। ভবনটিকে পলিথিন রাখার গুদাম হিসেবে ব্যবহার করেন উৎপল সাহা। দোকানে (রাখাল স্টোরে) বসে দরদাম শেষে টাকা পরিশোধের পর পলিথিন সরবরাহ করেন ওই গুদাম থেকে। সূত্র জানায়, সপ্তাহে দুই থেকে তিন দিন ভোরে ঢাকা থেকে পিকআপে করে পলিথিন নিয়ে আসা হয় নামাবাজার মোড়ে। এখান থেকে পলিথিন নিয়ে যাওয়া হয় বিভিন্ন গুদামে। পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, উৎপল সাহা ছাড়াও অন্য ব্যবসায়ীদের ভিন্ন ভিন্ন গুদাম রয়েছে বাজারের মাছপট্টি ও কাঁচাবাজার এলাকায়। বিপ্লব সাহার গুদাম দুটি। একটি পেরেকপট্টিতে, অন্যটি কাঁচাবাজারে। পেরেকপট্টির দোকানে ঠোঙা বিক্রি করলেও পেছনের গুদামে রাখেন পলিথিন। কাঁচাবাজারের দোকানের সামনে বিক্রি করেন থলে আর ড্রাম। পেছনের গুদামে রাখেন পলিথিন। গোপাল সাহা ব্যবসা করেন মাংসপট্টিতে। ওই দোকানে তিনি সিগারেটের ব্যবসা করলেও তাঁর মূল ব্যবসা পলিথিনের। পলিথিন বিক্রি করেন দোকানের পেছনের গুদামে রেখে। উৎপল সাহা মুঠোফোনে পলিথিন বিক্রি করার সত্যতা স্বীকার করেছেন। গোপাল ও বিপ্লব সাহা বলেন, ‘সবাই বিক্রি করে, তাই আমরাও করি। যারা তৈরি করে, তাদের ধরেন।’যোগাযোগ করা হলে সাভার মডেল থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাজাহান মিয়া বলেন, ‘নামাবাজারসহ সাভারের কোনো হাটবাজারে প্রকাশ্যে পলিথিন বিক্রি হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। নিষিদ্ধ পলিথিন বিক্রির সঙ্গে কেউ যুক্ত থাকলে খোঁজ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’