নিষিদ্ধ পানীয় তৈরির নকল কারখানার সন্ধান
শেরপুর শহরের কসবা নামাপাড়া এলাকায় নিষিদ্ধ পানীয় তৈরির নকল কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে ৮৭০ বোতল নকল পানীয় ‘হর্স’ ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওমর ফারুক (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। তিনি শহরের কসবা কাচারিপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। গতকাল বিকেলে ওমরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে কসবা নামাপাড়া এলাকার রহমান মিয়ার বাসা ভাড়া নিয়ে ওমর ফারুক ও তাঁর তিন সহযোগী লিয়াকত হোসেন, শাহ আলম ও মোয়াজ্জেম হোসেন নিষিদ্ধঘোষিত পানীয় ‘হর্স’ তৈরির নকল কারখানা দেন। তাঁরা কারখানায় ‘ডাবল হর্স ড্রিংকস্’ ও ‘নাইট হর্স পাওয়ার প্লাস’ নামে দুটি পানীয় তৈরি করে শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে ডিবি পুলিশ ওই কারখানায় অভিযান চালায়। এ সময় পুলিশ কারখানা থেকে ৮৭০ বোতল নিষিদ্ধ পানীয় ও কারখানার বিভিন্ন যন্ত্রপাতি জব্দ এবং ওমর ফারুককে গ্রেপ্তার করে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এসব পানীয় জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এ ঘটনায় ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লাল মামুদ ওমর ফারুক ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ফারুক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।