নিষিদ্ধ পাম্প বড়ি খাইয়ে পশু মোটাতাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে চোরাইপথে আসা নিষিদ্ধ ‘পাম্প বড়ি’ খাইয়ে টেকনাফ, উখিয়াসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে কোরবানির পশু (গরু ও মহিষ) মোটাতাজা করা হচ্ছে। এতে অসুস্থ হয়ে একাধিক পশু মারা গেলেও নিষিদ্ধ বড়ির ব্যবহার কমছে না। উল্টো এখান থেকেই পাম্প বড়ি ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। এলাকাবাসী সূত্র জানায়, গত কয়েক দিনের ব্যবধানে পাম্প বড়ি খেয়ে টেকনাফ উপজেলার খারাংখালী গ্রামের গোলাম হোসেনের একটি, কানজরপাড়ার আবুল হোসেনের একটি, হাতিয়ারঘোনার কালু মিয়ার একটি ও নয়াপাড়ার আবদুস শুক্কুরের একটিসহ মোট চারটি গরু মারা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের এক গরুর মালিক বলেন, ‘২৫ হাজার টাকায় দুই মাস আগে বড় আকৃতির একটি গরু কিনে আরও মোটাতাজা করার জন্য পাম্প বড়ি খাওয়াচ্ছিলেন। কয়েক দিন আগে গলা ফুলে গরুটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা পশুসম্পদ হাসপাতালে নেওয়া হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা বলেন, এটির ‘ইডিমা রোগ’ হয়েছে। বাঁচিয়ে রাখা নাকি কঠিন হবে। তাই জবাই করে গরুর মাংস বিক্রি করে ক্রয়ের টাকাটা পুষিয়ে নিয়েছি। এখন বুঝতে পারছি, কাজটি করা মোটেও ঠিক হয়নি।’ সম্প্রতি টেকনাফ পৌরসভার উপরেরবাজার, লামারবাজার ও কক্সবাজার শহরের বাজারঘাটা, কালুর দোকান, লিংকরোড, ঈদগাঁও, রামু ও চকরিয়ার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, প্রকাশ্যে এসব নিষিদ্ধ পাম্প বড়ি বিক্রি হচ্ছে। অনেকে টেকনাফের বাজার থেকে পাইকারি দরে এই বড়ি কিনে বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা গ্রামের পশু ব্যবসায়ী গোলাম মাওলা (৪৯) জানান, এবারও তিনি টেকনাফ থেকে ৪১টি গরু কিনে কক্সবাজারে নিয়ে আসেন। এসব গরু মোটাতাজা দেখানোর জন্য প্রতিদিন তিনটি করে বড়ি খাওয়ানো হচ্ছে। এতে গরু দ্রুত মোটা হয়ে উঠছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, গত তিন মাসে উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে পাচারকালে বিজিবি সদস্যরা ডেক্সামেথাসোন, ডেক্সাভেট ও বি-৫০ নামের প্রায় আড়াই লাখ নিষিদ্ধ পাম্প বড়ি জব্দ করেন। টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির মিয়ানমার থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ পাম্প বড়ি পাচার হয়ে আসার সত্যতা নিশ্চিত করে জানান, এসব বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং পশুর দেহে পানি জমে যায়। এই পানি স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয় এবং পশুর শরীর দ্রুত ফুলে যায়। এ কারণে পশুটিকে মোটাতাজা দেখায়। বড়ির পার্শ্বপ্রতিক্রিয়ায় পশুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। মোটাতাজা হওয়া পশুকে হঠাৎ করে বড়ি খাওয়ানো বন্ধ করা হলে তার মৃত্যু হতে পারে।