মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক অস্ত্র পেপার স্প্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ছুড়ে সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (ড্যাব)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ড্যাবের নেতারা এ অভিযোগ করেন। তাঁদের দাবি, নিষিদ্ধ পেপার স্প্রে করে সরকার বাংলাদেশের উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ ও জাতিসংঘের সনদের লঙ্ঘন করেছে। ৫ জানুয়ারি গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার ওপর পেপার স্প্রে নিক্ষেপের ফলে তাঁর শরীরে এর রাসায়নিক প্রতিক্রিয়া এবং পেপার স্প্রে ব্যবহারের ওপর থাকা নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলন করে বিএনপিপন্থী চিকিৎসকদের এই সংগঠনটি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সিরাজ উদ্দিন আহমেদ বলেন, ‘খালেদা জিয়া খুব অসুস্থ। চোখ দিয়ে পানি ঝরছে। বুধবার তাঁকে দেখতে গেলে তিনি ভালোভাবে কথা বলতে পারেননি। নিচু স্বরে বলেছেন, কেমন আছেন।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এস এম রফিকুল ইসলাম। তিনি বলেন, পেপার স্প্রে হচ্ছে মরিচজাতীয় একধরনের রাসায়নিক অস্ত্র। মানবদেহের ওপর এটি সরাসরি প্রয়োগ করা হলে প্রদাহের কারণে চোখে প্রচণ্ড জ্বালা, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট, নাক দিয়ে পানি পড়া ও প্রচণ্ড কাশি হয়। বয়স্ক ব্যক্তিদের ওপর প্রয়োগে মৃত্যুর আশঙ্কা রয়েছে। দীর্ঘ মেয়াদে হৃদ্রোগ ও ক্যানসারে আক্রান্ত হওয়ারও আশঙ্কা রয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, এ কারণে কেমিক্যাল উইপন কনভেনশনে (সিডব্লিউসি) পেপার স্প্রে নিষিদ্ধ করা হয়। ১৯৯৩ সালের ১৩ জানুয়ারি অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনের (ওপিসিডিব্লিউ) উদ্যোগে কেমিক্যাল উইপন কনভেনশনে এটি স্বাক্ষর হয় এবং ১৯৯৭ সালের ২৯ এপ্রিল থেকে তা কার্যকর হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে ১৯০টি দেশ এতে স্বাক্ষর করে। বাংলাদেশও এতে স্বাক্ষর ও কার্যকর করে।
এর আগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্তির জন্য আন্দোলনরত শিক্ষকদের ওপর পেপার স্প্রে করলে একজন শিক্ষক মারা যান এবং অন্য দুজন দৃষ্টি হারান। এরপর হাইকোর্টে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২১ জানুয়ারি এর ব্যবহারের ওপর আদালত নিষেধাজ্ঞা আরোপ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য এম এ মান্নান বলেন, সরকার জেনেবুঝেই ‘বিশেষ খারাপ’ উদ্দেশ্য নিয়ে খালেদা জিয়ার ওপর এই নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে।