নিষিদ্ধ বড়ি খাইয়ে গরু মোটাতাজাকরণ ব্যবসা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট গ্রামের সালজার রহমান এক সপ্তাহ আগে দুটি গরু কিনে তা নিজ বাড়িতেই পালন করছেন। অন্যান্য খাবারের পাশাপাশি তিনি গরুকে খাওয়াচ্ছেন ভারত থেকে চোরাই পথে আসা নিষিদ্ধ ডেক্সামেথাসোন বড়ি।এতে গরু দুটি মোটাতাজা হতে শুরু করেছে। কয়েক দিন পর ঈদের আগে গরু দুটি বেশি দামে বিক্রির আশা করছেন সালজার। সালজার বলেন, ‘ভালো-মন্দ জানি না। অনেকে এ বড়ি গরুকে খাওয়াচ্ছে। গরুকে নাদুসনুদুস করতে আমিও খাওয়াচ্ছি।’ শুধু সালজার নন, তাঁর মতো উপজেলার অনেকেই কোরবানির ঈদ সামনে রেখে ভারতীয় ওই নিষিদ্ধ বড়ি খাইয়ে গরুকে দ্রুত মোটাতাজা করতে এখন ব্যস্ত সময় পার করছে। এসব গরুর মাংস মানুষের জন্য ক্ষতিকর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর কোরবানির ঈদ সামনে রেখে উপজেলার কিছু লোক এই ব্যবসায় ঝুঁকে পড়েন। তাঁরা ঈদের দুই মাস আগে বাজার থেকে কম দামে বাছুর ও রোগা ধরনের গরু কিনে ওই ওষুধ খাওয়ানো শুরু করেন। এতে অল্প সময়ের মধ্যে গরু ফুলতে শুরু করে। পরে কোরবানির হাটে ওই গরু বেশি দামে বিক্রি করেন। উপজেলার পশুখাদ্য বিক্রির দোকানগুলোয় এই ওষুধ বিক্রির রমরমা ব্যবসা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।তালিবপুর গ্রামের মোসলেম উদ্দিন জানান, এ ব্যবসায় দেড় থেকে দুই মাস পরিশ্রম করলে বেশ ভালো টাকা রোজগার করা যায়। তিনি ছয় বছর ধরে এ ব্যবসা করে আসছেন। তিনি কখনো শোনেননি বিষয়টি খারাপ।দেলবর হোসেন ও রমজান আলীসহ কয়েকজন গরু ব্যবসায়ী জানান, কম বয়সী বাছুরকে ডেক্সামেথাসোন ও ডেক্সোভেট-জাতীয় বড়ি খাওয়ানো হয়। স্থানীয়ভাবে এ ওষুধকে ‘পাম্প’ বড়ি নামেও ডাকা হয়। এসব বড়ি খাওয়ানো হলে অল্প সময়ের মধ্যে গরু মোটা হয়ে যায়।শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবু ছালেহ দ্বীন মোহমঞ্চদ জানান, এই ওষুধ শুধু গরু মোটাতাজাকরণের জন্য নয়, এটা অতিরিক্ত প্রয়োগ পশুর জন্য যেমন ক্ষতিকর, তেমনি এসব পশুর মাংস মানুষের জন্য ক্ষতিকর।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ জানান, এসব বড়ি খাওয়ানোর কারণে পশুর যকৃৎ ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এতে পানি জমে স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পেরে তা মাংসে সঞ্চারিত হয়ে পশুর শরীর দ্রুত ফুলে যায়। এতে পশুকে মোটাতাজা দেখায়। এসব পশুর মাংস মানুষের জন্যও ক্ষতিকর। তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ এসব ওষুধ যারা বিক্রি করে এবং যারা কিনে গরুকে খাওয়ায়, কেউই আমাদের কাছে বিষয়টি স্বীকার করে না। ফলে কোনো আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়।’