নিষিদ্ধ বড়িতে গরু মোটাতাজাকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অনেকেই কোরবানির ঈদের আগে নিষিদ্ধ ভারতীয় বড়ি খাইয়ে গরুকে দ্রুত মোটাতাজা করছেন। এই ওষুধের মাত্রাতিরিক্ত প্রয়োগের ফলে মোটাতাজা হওয়া এসব গরুর মাংস মানুষের জন্য ক্ষতিকর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, একশ্রেণীর লোক কোরবানির ঈদের আগে গরু মোটাতাজা করার দিকে ঝুঁকে পড়েছেন। তাঁরা রমজানের ঈদের পরপরই বেছে বেছে দুর্বল গরু কিনে এনে ভারতীয় বড়ি খাওয়ানো শুরু করেন। এতে কিছুদিনের মধ্যে গরু মোটা হয়ে যায়। ঈদের বাজারে বেশি দাম পাওয়ার আশায় গরু ব্যবসায়ীরা এ পদ্ধতিতে দ্রুত গরু মোটাতাজা করছেন। দামগাড়া গ্রামের মোস্তাফিজার রহমান দেড় মাস আগে দুটি বাছুর কিনে অন্যান্য খাবারের পাশাপাশি ভারতীয় নিষিদ্ধ ডেক্সামেথাসন বড়ি খাওয়াচ্ছেন। এতে গরুগুলো বেশ মোটাতাজা হয়ে গেছে। তিনি এখন গরু দুটি ঈদের আগে বেশি দামে বিক্রির আশা করছেন। গরু ব্যবসায়ী আফজাল হোসেন, আতাহার আলীসহ কয়েকজন জানান, কম বয়সী বাছুরকে চোরাইপথে ভারত থেকে আসা ডেক্সামেথাসন ও ডেক্সোভেট-জাতীয় বড়ি খাওয়ানো হয়। এতে কিছুদিনের মধ্যে গরু মোটা হয়ে যায়।কয়েকজন পশুচিকিৎসক জানান, নিষিদ্ধ এসব বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনিতে পানি জমে এবং মারাত্মক ক্ষতি হয়। এই পানি স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয় এবং গরুর শরীর ফুলে যায়। এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় গরুগুলো রোগ প্রতিরোধক্ষমতা হারিয়ে ফেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবু ছালেহ দ্বীন মোহাম্মদ বলেন, এই ওষুধ গরুকে অতিরিক্ত খাওয়ালে তা যেমন ক্ষতিকর, তেমনি এসব গরুর মাংসও মানুষের জন্য ক্ষতিকর।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ বলেন, ‘ডেক্সামেথাসন-জাতীয় ওষুধ গরুকে অতিমাত্রায় খাওয়ালে অনেক সমস্যা দেখা দিতে পারে। নিষিদ্ধ এসব ওষুধ যাঁরা বিক্রি করেন আর যাঁরা গরুকে খাওয়ান, কেউ আমাদের কাছে স্বীকার করেন না। ফলে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন।’