কক্সবাজারের মহেশখালী উপকূলজুড়ে মশারির তৈরি নিষিদ্ধ ভেড়জাল বসিয়ে দীর্ঘদিন ধরে অবাধে মাছ শিকার করছে মৎস্যশিকারীরা। এতে প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছের পোনা নষ্ট হচ্ছে। স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, মহেশখালী উপকূলের সোনাদিয়া, হামিদারদিয়া, গোরকঘাটা, আদিনাথ মন্দিরসংলগ্ন এলাকা, মুদিরছড়া, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া, জেমঘাট, বদরখালী, মাতারবাড়ী, ধলঘাটা, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, বড়দিয়া, ঝাপুয়ারচর এলাকাসহ প্রায় ৮৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৩০০টি নিষিদ্ধ ভেড়জাল বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সোনাদিয়া, বড়দিয়া, ঘটিভাঙ্গা, তাজিয়াঘাটা ও ঘটিভাঙ্গা এলাকায় অবৈধভাবে নিষিদ্ধ মশারির তৈরি ভেড়জাল দিয়ে মাছ শিকার করছেন মৎস্যশিকারীরা। ২০-২৫ জন মৎস্যশিকারী একেকটি ভেড়জাল পাতছেন। পরে তাঁরা ওই ভেড়জাল উপকূলে টেনে এনে জালের ভেতর থেকে আটকা পড়া মাছ সংগ্রহ করছেন। এ সময় ভেড়জালে আটকে পড়া বিভিন্ন প্রজাতির মাছের পোনা মৎস্যশিকারীরা বালুচরে ফেলে দেওয়ায় সেগুলো মরে যায়। এভাবে ভেড়জালে আটকা পড়ে প্রতিনিয়ত হাজার হাজার পোনা নষ্ট হচ্ছে। সোনাদিয়া এলাকার মৎস্যশিকারী আনোয়ার হোসেন ও কলিমউদ্দিন বলেন, ভেড়জাল বসিয়ে সাগর থেকে মাছ ধরে দিনে ২০০ থেকে ৩০০ টাকা আয় করে তাঁরা কোনো রকমে সংসার চালাচ্ছেন। কিন্তু মাছ শিকার করতে গিয়ে বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছের পোনা নষ্ট হলেও তাঁদের করার কিছুই নেই। বেসরকারি সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের মহেশখালীর সমন্বয়কারী আবদুল কায়ুম প্রথম আলোকে বলেন, মশারি দিয়ে তৈরি নিষিদ্ধ ভেড়জাল দিয়ে মাছ শিকার করার কোনো নিয়ম নেই। এর পরও প্রকাশ্যে নিষিদ্ধ ভেড়জাল দিয়ে উপকূলীয় এলাকায় অবাধে মাছ শিকার করায় ভবিষ্যতে মাছের আকাল দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লোকবলের চরম সংকটের কারণে উপকূলে বসানো অবৈধ ভেড়জালসহ বিভিন্ন ধরনের কারেন্ট জাল একেবারে বন্ধ করা যাচ্ছে না। এর পরও বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অচিরেই এসব নিষিদ্ধ জাল বন্ধ করার জন্য অভিযান চালানো হবে।