নিষিদ্ধ সংগঠনের সদস্যদের আশ্রয় না দিতে প্রতিবেশী দেশগুলোকে চিঠি দেবে সরকার
আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি ও হরকাতুল জিহাদসহ (এবিটি) নিষিদ্ধ ছয় জঙ্গি সংগঠনের কোনো সদস্যকে আশ্রয় না দেওয়ার অনুরোধ জানিয়ে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারকে চিঠি দেবে সরকার। আগামী দু-এক দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা যাতে অন্য দেশে আশ্রয় নিতে না পারে, সে জন্য আমরা প্রতিবেশী দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। এ ছাড়া এসব সংগঠনের সদস্যরা দেশেও যাতে কোনো আস্তানা গড়তে না পারে, সে জন্য অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছি।’ তিনি বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূলে ব্যাপক সফলতা দেখিয়েছে।
আনসারুল্লাহ বাংলা টিমসহ কয়েকটি সংগঠনের অপতৎপরতা বন্ধে ইতিমধ্যে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর দুটি সূত্র জানায়, এসব নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ব্যাংক হিসাব বা কোনো সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) অনুরোধ জানানো হয়েছে।
একই সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী বিধিমালা ২০১৩-এর ৩ ধারা অনুযায়ী নিষিদ্ধ করা সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। কিন্তু এ পর্যন্ত ছয়টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও হিযবুত তাহ্রীর ছাড়া বাকিদের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়নি। প্রতিবেশী দেশকে অবহিতকরণের বিষয়েও ইতিপূর্বে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত সোমবার গুলিতে ইতালির নাগরিক নিহত হওয়ার পর তাড়াহুড়ো করে পরদিন মঙ্গলবার আনসারুল্লাহ বাংলা টিমের ব্যাংক হিসাব জব্দ, সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনের তফসিলভুক্তকরণ ও প্রতিবেশী দেশকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
ছয়টি সংগঠনের মধ্যে ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি শাহাদাত-ই-আল হিকমাকে সরকার প্রথম নিষিদ্ধ ঘোষণা করে। এরপর ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশকে (জেএমজেবি) এবং ওই বছরের ১৭ অক্টোবর হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশকে (হুজি-বি) নিষিদ্ধ করা হয়। এরপর ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহ্রীরকে ও চলতি বছরের ২৫ মে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
অবশ্য এসব সংগঠনের মধ্যে জেএমজেবির বাস্তবে কোনো অস্তিত্ত্ব নেই। ২০০৪ সালের এপ্রিলে রাজশাহীর তিনটি উপজেলায় বাংলা ভাইয়ের নেতৃত্বে জেএমবির জঙ্গিরা কথিত চরমপন্থী দমনের অপরাধমূলক কার্যক্রম চালায়। তখন শুরুতে জেএমবি নাম গোপন করে জাগ্রত মুসলিম জনতা বা জেএমজেবি নাম ব্যবহার করেছিল তারা।