নিষিদ্ধ সার বিক্রি হচ্ছে টিএসপি নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিক্রি-নিষিদ্ধ প্রায় ২৫ হাজার মেট্রিক টন এফএমপি (ফিউজড ম্যাগনেসিয়াম ফসফেট) সার মজুদ রয়েছে। টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও এফএমপি সার দেখতে প্রায় একই রকম হওয়ায় কয়েক বছর ধরে এফএমপি সার টিএসপি সারের বস্তায় ভরে বিক্রি করা হচ্ছে।সর্বশেষ ১৩ এপ্রিল বিকেলে নওয়াপাড়ার মেসার্স মোশাররফ অ্যান্ড ব্রাদার্সের ভৈরব নদের তীরে নিজস্ব ঘাটে টিএসপির বস্তায় এফএমপি সার ভরে বিক্রি করার সময় উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে প্রায় সাত শ মেট্রিক টন এফএমপি সার জব্দ করা হয়। গত ১৪ এপ্রিল অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন ওই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টা কা জরিমানা করেন। অভয়নগর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস বলেন, ‘এফএমপি সার সহজে গলে না। এই সার শুধু আখখেতে ব্যবহার করা হয়। দেখতে প্রায় একই রকম হওয়ায় কৃষক টিএসপি ভেবে এফএমপি সার কিনে খুব সহজেই প্রতারিত হতে পারেন।’সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০০৩ সালে আখখেতে ব্যবহারের জন্য নওয়াপাড়ার কয়েকজন আমদানিকারক চীন থেকে প্রায় ৩০ হাজার মেট্রিক টন এফএমপি সার আমদানি করেন। আমদানি করা ওই সার কৃষি জমিতে ব্যবহার করায় জমির উর্বরতা হ্রাসের পাশাপাশি কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে সরকার ২০০৬ সালের ২০ জানুয়ারি এফএমপি সারের আমদানি ও কৃষি জমিতে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। বিক্রি নিষিদ্ধ করায় সার আমদানিকারকেরা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। বিক্রির সময়সীমা মাত্র তিন মাস বেঁধে দিয়ে আদালত ২০০৮ সালে এফএমপি সার শুধু আখখেতে ব্যবহার করার নির্দেশ দেন। দেখতে টিএসপির মতো হওয়ায় বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান প্রশাসনের সঙ্গে আঁতাত করে ওই সার টিএসপির বস্তায় ভরে বিক্রি করতে থাকে। নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন বলেন, ‘আমদানিকৃত এফএমপি সার বিক্রি নিষিদ্ধ। ফলে তা বিক্রির কোনো সুযোগ নেই। কেউ বিক্রির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।’ অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘টিএসপির বস্তায় ভরে এফএমপি সার বিক্রি হচ্ছে। নওয়াপাড়ায় এফএমপি সারের বর্তমান মজুদ সম্পর্কে আমাদের কাছে পরিষ্কার কোন তথ্য নেই। মজুদ করা সমস্ত এফএমপি সার নষ্ট করে ফেলার ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব।’ অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘বিক্রি-নিষিদ্ধ সার বিক্রি করায় মোশাররফ অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। ওই সার দ্রুত নষ্ট করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।’