নিষিদ্ধ হচ্ছে মায়ের দুধের বিকল্প শিশুখাদ্যের বিজ্ঞাপন
বিকল্প শিশুখাদ্য মায়ের দুধের বিকল্প—এমন ধারণা দিয়ে কোনো কর্মসূচি পরিচালনা করা যাবে না। এ নিয়ে প্রচার করা যাবে না কোনো বিজ্ঞাপন। নিয়ন্ত্রিত হবে মায়ের দুধের বিকল্প শিশুখাদ্য ও বাণিজ্যিকভাবে তৈরি করা শিশুর বাড়তি খাদ্যের বিপণন।
এই বিধান রেখে আজ মঙ্গলবার জাতীয় সংসদে ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন, নিয়ন্ত্রণ ইত্যাদি) বিল-২০১৩’ সংসদে উত্থাপিত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের পক্ষে প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির বিলটি উত্থাপন করেন। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত করা শিশুর বাড়তি খাদ্য ও এই খাদ্য ব্যবহারের সরঞ্জামসংক্রান্ত সব বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিকল্প শিশুখাদ্য বিক্রির ব্যাপারে উত্সাহিত করতে কাউকে উপহার, মূল্যছাড়, সভা-সেমিনার আয়োজন, শিশুদের জন্য প্রতিযোগিতা বা অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে শিশুখাদ্যের মোড়কে শিশু বা মায়ের ছবির ব্যবহার।
এ-সংক্রান্ত আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ আইনের আওতায় বিভিন্ন অভিযোগের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ অনুযায়ী বিচার করার বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণবিষয়ক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৮১ সালের ২১ মে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনের প্রেক্ষাপটে ১৯৮৪ সালে দ্য ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউটস (রেগুলেশন অব মার্কেটিং) অধ্যাদেশ জারি করা হয়। ইতিমধ্যে বুকের দুধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বেড়েছে। অন্যদিকে প্রয়োগের ক্ষেত্রে অধ্যাদেশটির কিছু সীমাবদ্ধতাও দেখা যাচ্ছে। এ কারণে অধ্যাদেশটি শিশুখাদ্য বিপণন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না। এ জন্য নতুন আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বিল পাস: অংশীদারি ব্যবসার মাসুলের (ফি) হার বৃদ্ধির প্রস্তাব রেখে পার্টনারশিপ (সংশোধন) বিল-২০১৩ এবং সোসাইটি নিবন্ধনের মাসুল বাড়াতে সোসাইটিজ রেজিস্ট্রেশন (সংশোধন) বিল-২০১৩ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত থাকায় তাঁদের দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়নি।