নিষিদ্ধ হলো আনসার আল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
ব্লগার, লেখক, প্রকাশক ও সমকামীদের অধিকারকর্মীকে হত্যার দায় স্বীকারকারী আনসার আল ইসলাম এর আগে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমেরই পরিবর্তিত নাম। বিভিন্ন হত্যার ঘটনায় দায় স্বীকারের সময় আনসার আল ইসলাম নিজেদের আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা দাবি করে অনলাইনে বিবৃতি দিয়েছিল।
গতকাল জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, আনসার আল ইসলামের কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলার পরিপন্থী। সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এ নিয়ে জঙ্গি তৎপরতার জন্য সাতটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার। অন্য ছয়টি হলো জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি), শাহাদাৎ-ই আল-হিকমা, হিযবুত তাহ্রীর ও আনসারুল্লাহ বাংলা টিম। এর প্রথম চারটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ২০০৫ সালে। ২০০৯ সালে নিষিদ্ধ করা হয় হিযবুত তাহ্রীরকে। ২০১৫ সালের ২৫ মে নিষিদ্ধ করা হয় আনসারুল্লাহ বাংলা টিমকে।
প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, ২০০৭ সালে জন্ম নেওয়া আনসারুল্লাহ বাংলা টিম শুরুতে এ দেশে আল-কায়েদার মতাদর্শ অনুসারীদের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছিল। শুরুতে এই গোষ্ঠীটি পাঠচক্র ও ইন্টারনেট-ভিত্তিক প্রচারে যুক্ত ছিল। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যার পর সংগঠনটি প্রথম আলোচনায় আসে। এরপর ২০১৪ সাল থেকে ২০১৬ সালের ২৫ এপ্রিল পর্যন্ত ১১ জন ব্লগার, লেখক, প্রকাশক, ছাত্র-শিক্ষক ও সমকামীদের অধিকারকর্মীকে হত্যার দায় স্বীকার করে সংগঠনটি।