নিষিদ্ধ হলো 'আনসার-আল-ইসলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপণে বলা হয়, এই সংগঠনটির কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থী। ইতিমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে।

আল-কায়েদার বাংলাদেশ শাখা দাবি করে ব্লগার হত্যার দায় স্বীকারকারী ‘আনসার আল ইসলাম’ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমেরই নতুন নাম।

গত বছরের ১০ এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ সালে জন্ম নেওয়া আনসারুল্লাহ বাংলা টিম এত দিন এ দেশে আল-কায়েদার মতাদর্শ অনুসারীদের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছিল। শুরুতে এই গোষ্ঠীটি পাঠচক্র ও ইন্টারনেটে প্রচারে যুক্ত ছিল। ২০১৩ সাল থেকে সংগঠনটি ব্লগার হত্যায় নামে। ওই বছরের ১৫ ফেব্রুয়ারি ঢাকার পল্লবীতে ব্লগার রাজীব হায়দারকে হত্যার মধ্য দিয়ে এ গোষ্ঠীটি প্রথম আলোচনায় আসে। পরে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে (স্লিপার সেল) সক্রিয় হয়। এবং এ পর্যন্ত (২০১৬ সালের ১০ এপ্রিল) নয়জন ব্লগার, প্রকাশক ও ছাত্র-শিক্ষককে হত্যার দায় স্বীকার করেছে। ২০১৫ সালের ২৫ মে আনসারুল্লাহকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

গত বছরের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা ও মোহাম্মদপুরে এবং ২৭ ফেব্রুয়ারি উত্তরার দক্ষিণখানে আনসার আল ইসলামের তিনটি আস্তানার সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ বোমা তৈরির উপাদান, নিজস্ব প্রযুক্তিতে হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়। একই সঙ্গে সংগঠনটির বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। যার মাধ্যমে সংগঠনটির নতুন নাম আনসার আল ইসলাম বলে জানা যায়।