‘জননিরাপত্তার স্বার্থে ক্ষতিকর’ হওয়ার কারণে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিষিদ্ধ সংগঠনটি। এর ফলে প্রকাশ্যে তো দূরের কথা, গোপনেও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা আইনের লঙ্ঘন। এত দিন ধরে গোপনে কার্যক্রম চালালেও কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংগঠনটির কর্মীরা। এমনকি শ্রেণীকক্ষে ঢুকেও তাঁদের প্রচারপত্র বিলি করেছেন তাঁরা। কার্যক্রম চালিয়ে দ্রুত সটকে পড়ায় তাঁদের ধরতেও পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় থেকে নগরগামী বেলা দেড়টার ট্রেনটা নগরের হামজারবাগ এলে ট্রেনে আগে থেকে অবস্থান করা হিযবুত তাহ্রীরের কর্মীরা ঝটিকা বিভিন্ন বগিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তাঁদের প্রচারপত্র বিলি করেন। এসব প্রচারপত্রে তাঁরা তাঁদের সংগঠনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং তাঁদের চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সংহতি প্রকাশেরও আহ্বান জানান। এ ছাড়া আওয়ামী লীগ-বিএনপি সরকার বিদেশি শক্তিগুলোর দোসর হিসেবে কাজ করছে বলেও অভিযোগ করা হয় এ প্রচারপত্রে।
এ সময় হিযবুত তাহ্রীরের কর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কোনো সশস্ত্র সংগঠন না হওয়ার পরও এই জালিম সরকার আমাদের সংগঠনটিকে নিষিদ্ধ করেছে। কারণ, জনগণের এজেন্ডা অনুযায়ীই আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি।’
এদিকে গত ১৯ ও ২০ মার্চ সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে গিয়ে শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার্থীদের মাঝে তাঁদের প্রচারপত্র বিলি করেন। তবে ২০ মার্চ সমাজবিজ্ঞান অনুষদ ভবনে প্রচারপত্র বিলি করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন হিযবুত তাহ্রীরের এক কর্মী। এ সময় কয়েকজন শিক্ষক এসে তাঁকে সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে বাঁচান। পরে শিক্ষকেরা হিযবুত তাহ্রীরের ওই কর্মীর হাতে থাকা প্রচারপত্র দেখতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে যান। এর পরও থেমে নেই তাঁদের কার্যক্রম। তাঁরা গোপনে শাটল ট্রেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায়ও তাঁদের পোস্টার সাঁটান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের কিছু শিক্ষার্থী বর্তমানে এই সংগঠনের সঙ্গে জড়িত। তাঁরাই ক্যাম্পাসে প্রকাশ্যে ও গোপনে সংগঠনটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, হিযবুত তাহ্রীর নিষিদ্ধ সংগঠন। তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সজাগ রয়েছে। তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। চিহ্নিত করা গেলে আইনের আওতায় আনা হবে। পুলিশ প্রশাসনও এ ব্যাপারে সতর্ক রয়েছে।