নিষিদ্ধ হয়েও বেপরোয়া বগিভিত্তিক সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি বারবার নিষিদ্ধ করেও সংগঠনগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সংগঠনগুলো বগিতে নিজেদের আধিপত্য বিস্তারে নিয়মিত বিরতিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সংগঠনগুলোর নেতা-কর্মীরা এসব সংঘর্ষে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব বগিভিত্তিক রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। সর্বশেষ গত শনিবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ অস্ত্রসহ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার তিন নেতাকে ঘটনাস্থল থেকে আটক করে। মূলত বগির নিয়ন্ত্রণ ও তুচ্ছ ঘটনার জের ধরে সংগঠনগুলোর মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৯ সালের ১৩ মার্চ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। একই সঙ্গে শাটল ট্রেনের বগিভিত্তিক কার্যক্রমও নিষিদ্ধ করে।চারটি বগিভিত্তিক সংগঠনের মধ্যে হামলা-পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ১ মে জরুরি সিন্ডিকেটের ৪৭৩তম সভায় পুনরায় শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। একই সভায় বগিভিত্তিক সংগঠনের নামে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও ছাত্র উপদেষ্টা খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি অনেক দিনের পুরোনো সমস্যা। এ রাজনীতি বন্ধ করার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বন্ধ হচ্ছে না। তাই এবার বগিভিত্তিক রাজনীতির সঙ্গে জড়িতদের নামের তালিকা করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মাত্র তিন দিন পর এ সিদ্ধান্ত লঙ্ঘন করে সংগঠনগুলো। ২০০৯ সালের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) নেতা-কর্মীরা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম সংঘর্ষের ঘটনা। বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটে গত শনিবার। ওই দিন বগিভিত্তিক সংগঠন ‘একাকার’ ও ‘সিক্সটি নাইন’-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চারজন আহত হন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত তিন বছরে বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে অন্তত ৩০ বার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন শতাধিক শিক্ষার্থী। এসব হামলা-পাল্টা হামলায় গুরুতর আহত হন অন্তত ১২ জন। জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বগিভিত্তিক সংঘর্ষে জড়িত থাকার দায়ে গত তিন বছরে ছাত্রলীগের অন্তত ৩৫ নেতা-কর্মীকে আজীবনসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে। বগিভিত্তিক সংগঠনগুলোর সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৩ দিন বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর খান তৌহিদ ওসমান বলেন, বগিভিত্তিক রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় প্রতিটি সংঘর্ষের ঘটনায় হাটহাজারী ও রেলওয়ে থানায় মামলা করা হয়। তবে মামলাগুলোর কার্যক্রম বর্তমানে সচল নয় বলে জানা গেছে। হাটহাজারী পুলিশ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আকতার প্রথম আলোকে বলেন, বগিভিত্তিক সংগঠনগুলোর সংঘর্ষের ঘটনায় মামলা হয় সত্যি, কিন্তু পরে কেউই এসব মামলা নিয়ে আগ্রহী হয় না। এ ছাড়া অনেক সময় সাক্ষীও পাওয়া যায় না। এ কারণে মামলাগুলোর কার্যক্রম এগোচ্ছে না। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা বগিভিত্তিক সংগঠনগুলোর কার্যক্রম বন্ধের চেষ্টা করছি। সংঘর্ষে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’