নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাতজন রিমান্ডে

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাত সদস্যকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) ওই আসামিকে রিমান্ডে নিতে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন। আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম আজ শনিবার প্রথম আলোকে বলেন, আসামিরা সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। ঈদ সামনে রেখে বড় বড় বিপণিবিতানসহ গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করে আসছিল।
গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মুগদা ও বাড্ডা এলাকা থেকে আনসার আল ইসলামের সাত জঙ্গিকে গ্রেপ্তার করে র্যাব-৩। গ্রেপ্তার আসামিরা হলেন কামাল হোসেন, আশিকুর রহমান আশিক, রিফাত উল্লাহ, দিদারুল ইসলাম, শীতল মিয়া, মুহিবুর মিয়া ওরফে রাকিব ওরফে আবু উমামা ওরফে বাবু এবং এরশাদুল হক। তাঁদের মধ্যে মুহিবুর ও এরশাদুল বারিধারার ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আসামিদের কাছ থেকে জিহাদি বইসহ বোমা বানানোর উপকরণসহ বেশ কয়েক কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে মুগদা থানার পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতকে পুলিশ এক প্রতিবেদন দিয়ে বলছে, আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য উত্তর মান্ডার একটি বাসায় বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র মজুত করেছিল। ঈদ সামনে রেখে বিপণিবিতানসহ গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করেছিল।
মামলার বাদী র্যাব-৩-এর পরিদর্শক মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আসামিরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জঙ্গিবাদের তথ্য প্রচার করে আসছিল, পাশাপাশি কর্মীও সংগ্রহ করে হামলার পরিকল্পনা করেছিল।