নিষেধ অমান্য করে গাড়ি রাখার স্থানে চলছে নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে আখাউড়া জংশনের পার্কিংয়ের জায়গায় রাতে আবার কাজ শুরু হয়েছে। স্থাপনা নির্মাণের বিরোধিতা করে দিনব্যাপী আন্দোলন-প্রতিবাদ চললেও সৌন্দর্য নষ্ট করে রিকশা ও ভ্যান পার্কিংয়ের স্থানেই চলছে এর নির্মাণকাজ।সূত্রে জানা গেছে, দিনের বেলায় কাজ বন্ধ রাখা হলেও গতকাল মঙ্গলবার রাত নয়টা থেকে আবার শুরু হয়েছে। অতিরিক্ত শ্রমিক লাগিয়ে চলছে পাকা ঘর নির্মাণের কাজ। রেলওয়ের আখাউড়া প্রকৌশল বিভাগ, রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগসহ (ঢাকা) কয়েকটি বিভাগের নির্দেশনা উপেক্ষা করে রাতের আঁধারে এ কাজ চলছে। এই বিষয়ে রেলওয়ের আখাউড়া জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পূর্ত) জুবায়ের আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি শুনেছেন। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের তত্ত্বাবধায়ক মোতালেব হোসেন তাঁকে বলেছেন, বিভাগীয় ব্যবস্থাপকের অনুমতিতে ওই কাজ আবার শুরু হয়েছে। এই বিষয়ে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের (ঢাকা) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।এদিকে আখাউড়া জংশন স্টেশনের সৌন্দর্য ও শোভা নষ্ট করে পাকা দোকানঘর নির্মাণের প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গতকাল সকালে রেলস্টেশন চত্বরে প্রতিবাদ সভা করে। মুক্তিযোদ্ধাদের ওই প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন। উপজেলা জাতীয় পার্টিও এ ঘটনার প্রতিবাদ জানায়। গতকাল সকালে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের (ঢাকা) কানুনগো ইকবাল মাহমুদ আখাউড়ায় এসে নির্মাণকাজ বন্ধ রাখতে বলে যান।রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ঢাকা) আহমাদুল হক প্রথম আলোকে বলেন, স্টেশনের ওই স্থানে কোনো স্থাপনা নির্মিত হলে এর সৌন্দর্য নষ্ট হবে। রেলওয়ের প্রায় সব কটি বিভাগই এই কাজে বাধা দিয়েছে। যাঁরা স্থাপনা নির্মাণ করছেন, তাঁদের কাগজও যাচাই করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পূর্বাঞ্চলীয় রেলওয়ের বৃহৎ জংশন আখাউড়ায় রিকশা ও ভ্যান পার্কিংয়ের জায়গায় সোমবার সকাল থেকে অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণের তোড়জোড় শুরু হয়। এর পেছনে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা রয়েছেন বলে অভিযোগ উঠেছে।