নিষেধ অমান্য, মানাস নদে ৩০ বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছ ধরতে রংপুরের মানাস নদে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া হয়েছে। ছবিটি গঙ্গাচড়া উপজেলার বড়রুপাই এলাকা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো
মাছ ধরতে রংপুরের মানাস নদে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া হয়েছে। ছবিটি গঙ্গাচড়া উপজেলার বড়রুপাই এলাকা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গজঘণ্টা এলাকা থেকে কাউনিয়া উপজেলার বালারঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় মানাস নদে ৩০টিরও বেশি স্থানে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া হয়েছে। মাছ ধরতে স্থানীয় লোকজন বাঁশের চাটাই দিয়ে এসব বাঁধ দিয়েছেন।

ওই পাঁচ কিলোমিটার এলাকায় গুলালবুদাই, কইপাড়া, বকশা, হৈরম্মল, বড় রূপাই, গজঘণ্টা, কাগজিপাড়া, মৌভাষাসহ আটটি গ্রাম পড়েছে। মৎস্য আইনে থাকা নিষেধাজ্ঞা অমান্য করে গ্রামগুলোর প্রায় ৩০ ব্যক্তি নদে এই বাঁধগুলো পেতেছেন। এতে পানির স্বাভাবিক গতিপ্রবাহ বিঘ্নিত হচ্ছে। মাছেরও বংশবিস্তার ঘটছে না। এ ছাড়া নৌচলাচলেও প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।

২০১৪ সালের (সংশোধিত) মৎস্য সংরক্ষণ আইনের ৩ ধারায় বলা হয়েছে, বিষ দিয়ে, বিস্ফোরক দ্রব্য দিয়ে, বাঁধ (প্রতিবন্ধকতা) দিয়ে, নিষিদ্ধ জাল দিয়ে, পুকুর শুকিয়ে মাছ ধরা নিষেধ।

গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, মানাস নদের প্রস্থ এলাকাভেদে ৮০ থেকে ১০০ ফুট। বাঁশের চাটাইগুলো আড়াআড়িভাবে পেতে রাখা। নদের তলদেশ থেকে পানির কয়েক ফুট ওপর পর্যন্ত মাছ ধরার ফাঁদগুলো দেওয়া হয়েছে।

নদের মধ্যে এভাবে প্রতিবন্ধকতা তৈরি করে মাছ ধরার কারণে এই নদে কেউ নামতেও পারে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে তাঁদের কেউ কিছু বলেন না। এর ফলে নদের স্বাভাবিক পানিপ্রবাহ বাধার মুখে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

নদের স্বাভাবিক গতিপ্রবাহ রুদ্ধ করে এভাবে মাছ ধরতে দেখা যায় বড় রূপাই এলাকার জহুরুল ইসলাম ও নয়ন মিয়া, কাগজিপাড়া এলাকার মোস্তাফিজার রহমান, লেবু মিয়া ও মোখলেছুর রহমানকে। তাঁদের মধ্যে জহুরুল ইসলাম বলেন, ‘এই সময় প্রতিবছরই নদে বাঁশের চাটাই দিয়া মাছ ধরি। এতে তো কারও কোনো অসুবিধাও হইতোছে না।’ কাগজিপাড়ার মোস্তাফিজার রহমান বলেন, ‘নদের মাছ ধরি, কিছু খাই, আর কিছু বিক্রিও করি। প্রতিবছরই এমন করিয়া মাছ ধরি। হামাকগুলাক মানাও করা হয় না।’

নদের যে এলাকায় বেশি চাটাই পাতা হয়েছে সে এলাকার অর্থাৎ গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, এখানে এভাবে অনেকেই বাঁশের বেড়া দিয়ে মাছ ধরে। বিষয়টি মৎস্য বিভাগের দেখা দরকার।

ওই ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, এই নদে এভাবে বাঁশের চাটাই দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করার কারণে স্থানীয়ভাবে কোনো নৌকা চলাচল করতে পারে না। একসময় এই নদে বর্ষাকালে নৌকা চলত। এক গ্রাম থেকে অন্য গ্রামে নৌকায় মানুষজন চলাচল করত।

নদী গবেষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন, প্রতিবন্ধকতা তৈরি করে নদ কিংবা নদীতে মাছ ধরতে গিয়ে মাছের বংশবৃদ্ধি যেমন হচ্ছে না, তেমনি পানির গতিপ্রবাহ কমে গিয়ে ভরাট হওয়ার উপক্রম হচ্ছে। একসময় এসব নদ-নদী হারিয়ে যাওয়ার উপক্রম হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, নদীতে বেড়া দিয়ে মাছ ধরা নিষেধ। জেলার অনেক স্থানেই এভাবে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে মাছ ধরা উচ্ছেদ করা হয়েছে। এখানকার বিষয়টি তাঁদের জানা ছিল না। এ ব্যাপারে শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।