নিষেধ উপেক্ষা, সান্তাহারে মার্কেট নির্মাণ চলছেই
সড়ক ও জনপথ অধিদপ্তরের নিষেধ এবং স্থানীয় জনগণের আন্দোলন-প্রতিবাদ উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মেয়র বাইপাস সড়কের পাশে মাছের আড়ত নির্মাণ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মে মাসে সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র তোফাজ্জল হোসেন নিজ উদ্যোগে সান্তাহার-বগুড়া সড়কের ঢাকা রোড নামক স্থানে সড়ক ঘেঁষে মাছের আড়তের জন্য মার্কেট নির্মাণ শুরু করেন। ওই সময় পৌরসভার অনুমোদন না থাকায় ওই ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুল তালুকদার নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে মেয়র আবার পৌর পরিষদের সঙ্গে সমঝোতা করে মার্কেট নির্মাণ শুরু করেন। এবার স্থানীয় জনগণের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে বগুড়ার জেলা প্রশাসকের কাছে ওই মার্কেট নির্মাণ বন্ধের জন্য লিখিত আবেদন করা হয়। কিন্তু মেয়র নির্মাণকাজ চালিয়ে যান। সান্তাহার পৌরসভার সাবেক কাউন্সিলর জার্জিস আলম বলেন, মেয়র যে জায়গায় মাছের আড়তের জন্য মার্কেট নির্মাণ করছেন, সেটি রাস্তার মোড়। এর এক পাশে রয়েছে বিশাল বাঁশের হাট, অপর পাশে মিনি বাসস্ট্যান্ড। এমনিতে এ এলাকায় যানজট লেগেই থাকে। সান্তাহার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ চৌধুরী বলেন, বাসস্ট্যান্ডের কাছে মাছের আড়ত গড়ে উঠলে বাস চলাচলে সমস্যা সৃষ্টি হবে। আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।’ বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, ‘এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি এবং এসডিই এ বিষয়ে আদমদীঘি থানায় জিডি করেছেন।’মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘এসব জানার ও শোনার আমার কোনো টাইম নাই।’ গত ২২ মে প্রথম আলোয় ‘সড়ক ও জনপথের জমিতে মেয়রের অবৈধ স্থাপনা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।