নিষেধ উপেক্ষা করে মেঘনায় জাটকা ধরা চলছেই
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চাঁদপুরের মেঘনায় এখনো জাটকা শিকার চালিয়ে যাচ্ছেন জেলেরা। এতে ইলিশ রক্ষা কর্মসূচি অনেকটাই ভেস্তে যাচ্ছে।পুনর্বাসন ছাড়া জেলেদের জাল ফেলার ওপর নিষেধাজ্ঞা এবং দারিদ্র্য ও অভিযানের খবর আগেভাগেই ফাঁস হওয়াসহ জাটকা নিধনে জেলেদের উৎসাহ এবং কার্যকর অভিযানের অভাবে এ ঘটনা ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত নভেম্বর থেকে আগামী মে মাস পর্যন্ত মেঘনায় জাটকা ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে জেলা মৎস্য অধিদপ্তর। সম্প্রতি সরেজমিনে মতলব উত্তর উপজেলার ষাটনল, ছটাকী, ছেংগারচর, একলাশপুরসহ কয়েকটি বাজারে দেখা গেছে, জেলে ও মাছের আড়তদারেরা প্রকাশ্যে জাটকা বিক্রি করছেন। ছেংগারচর বাজারের এক মাছ ব্যবসায়ী বলেন, পুলিশ আসার আগেই আড়তদারেরা জাটকা লুকিয়ে ফেলেন। পুলিশ চলে গেলে আবারও বিক্রি শুরু হয়। মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের জেলে পরিমল বর্মন বলেন, ‘পেডের ধান্দায় জাটকা ধরি। সরকারের নিষেধ মানলে না খাইয়াই আমাগো মরতে অইব।’জেলা মৎস্য কর্মকর্তা রতন লাল বলেন, জনবলের অভাবে ঘন ঘন অভিযান চালানো যায় না। জেলেদের মানসিকতা এবং আর্থিক অবস্থার পরিবর্তন না হলে জাটকা ধরা বন্ধ হবে না।