নিষেধ না মেনে নির্মাণ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাথরঘাটা গ্রামে কৃষিজমিতে ইটভাটার নির্মাণ চলছে l প্রথম আলো
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাথরঘাটা গ্রামে কৃষিজমিতে ইটভাটার নির্মাণ চলছে l প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাথরঘাটা গ্রামে আইন লঙ্ঘন করে কৃষিজমিতে ইটভাটা তৈরির কাজ চলছেই। ভাটাটির নির্মাণ বন্ধ রাখতে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর থেকে মৌখিকভাবে নিষেধ করা হলেও তা মানা হচ্ছে না।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আমিরুল ইসলাম বলেন, ‘নিষেধ করার পরও ভাটা তৈরির কাজ অব্যাহত রাখায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, কৃষিজমিতে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক কিলোমিটার, বনাঞ্চল থেকে দুই কিলোমিটার এবং ইউনিয়ন বা গ্রামীণ সড়ক থেকে অন্তত আধা কিলোমিটারের মধ্যে ভাটা করা যাবে না। কিন্তু এ আইন লঙ্ঘন করে পাথরঘাটা গ্রামের লেবু মিয়া মা ব্রিকস নামের একটি ইটভাটা গড়ে তুলছেন।
এ নিয়ে গত ৭ জানুয়ারি প্রথম আলোয় ‘মির্জাপুর উপজেলা; বাজার ও বিদ্যালয়ের পাশে হচ্ছে ইটভাটা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন
ছাপা হয়। এর আগেও এ নিয়ে কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, প্রায় ২৫ বিঘা কৃষিজমিতে ইটভাটাটি গড়ে তোলা হচ্ছে। ইট পোড়ানোর জন্য প্রাচীর ও চিমনি নির্মাণকাজ শেষের দিকে। এটির পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক। সড়কটির পাশে ইট তৈরির জন্য মাটি এনে স্তূপ করা হচ্ছে। ভাটার ৪০০-৪৫০ গজ দূরে বনাঞ্চল। ১৫০-২০০ গজ দূরে পাথরঘাটা বাজার, পাথরঘাটা উচ্চবিদ্যালয়, দাখিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়, কমিউনিটি ক্লিনিকসহ অন্তত শতাধিক বসতবাড়ি। নির্মাণাধীন চিমনির পাশেই রয়েছে সরিষাখেত। এ সময় ভাটার শ্রমিকদের কেউ কথা বলতে রাজি হননি।
এর আগে ভাটার মালিক লেবু মিয়া বলেছিলেন, নিজের ও আত্মীয়দের প্রায় ৫০০ শতক ছাড়াও আশপাশের লোকজনের কাছ থেকে ভাড়া নিয়ে ৮০০ শতক জমিতে ভাটা করা হচ্ছে। গতকাল মুঠোফোনে তিনি বলেন, ভাটার অনুমোদনের জন্য আবেদন করেছেন। পরিবেশ অধিদপ্তরের লোকজন জায়গা পরিদর্শন করেছেন। তিনি ভাটা নির্মাণকাজ বন্ধের কোনো নির্দেশনা পাননি। এ জন্য কাজ অব্যাহত রেখেছেন।
বন বিভাগের মির্জাপুরের বাঁশতৈল রেঞ্জের কর্মকর্তা ফজলুল হক বলেন, পাথরঘাটা এলাকায় সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। ওই স্থানে ইটভাটা না করতে মালিককে অনুরোধ করা হয়েছিল। তারপরও ভাটা নির্মাণকাজ অব্যাহত রাখায় মালিকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।