নিষেধ সত্ত্বেও পাবনার ইটভাটায় পুড়ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও অনুমোদন আছে, কারও নেই। কেউ লোকালয়ে, কেউ ফসলের মাঠে। নিষেধ সত্ত্বেও সবগুলোতেই অবাধে পুড়ছে কাঠ। নানা অনিয়মের মধ্য দিয়ে চলছে পাবনার ৮২টি ইটভাটা। নষ্ট হচ্ছে ৫০০ একর ফসলি জমি। পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে কয়েকটি এলাকার মানুষ। গতকাল শনিবার জেলার ফরিদপুর উপজেলায় এমন তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার নয়টি উপজেলায় মোট ৮২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে অনুমোদন রয়েছে ৪৪টির। সদর উপজেলায় পাঁচটি, আটঘরিয়ায় একটি এবং ঈশ্বরদীতে একটি ইটভাটায় ব্যবহূত হচ্ছে অবৈধ ড্রাম চিমনি।সরেজমিন দেখা যায়, জেলার ইটভাটাগুলোর অধিকাংশই লোকালয়ে এবং ফসলের মাঠ নষ্ট করে তৈরি করা হয়েছে। একেকটি ভাটায় ব্যবহূত হয়েছে প্রায় পাঁচ-সাত একর ফসলি জমি। এতে জেলার প্রায় ৫০০ একর জমি নষ্ট হয়েছে। অনেক স্থানে লোকালয়ের মধ্যেই তৈরি হয়েছে ইটভাটা। ফলে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে সেসব এলাকার মানুষ।পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এবং বাংলাবাজার এলাকার ইটভাটার পার্শ্ববর্তী অধিকাংশ ফলদ ও বনজ বৃক্ষ শুকিয়ে যাচ্ছে। ফসলি জমিগুলোতে ভালো ফসল হচ্ছে না। দু-তিনটি বাদে প্রতিটি ইটভাটাতেই অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে ভ্যানগাড়ি ও নসিমন-করিমনে করে শত শত মণ কাঠ আসছে ইটভাটায়। ভাটার চারপাশে স্তূপ করে রেখে তা পোড়ানো হচ্ছে।ভাটার মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার ইটভাটাগুলো এ বছর ৩০-৪০ লাখ ইট তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে। প্রতি লাখ ইট পোড়াতে প্রায় ৩০ মণ কাঠ লাগে। সে হিসাবে ৮২টি ইটভাটায় এ বছর প্রায় ৭৫ হাজার মণ কাঠ পোড়ানো হবে।জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের জানান, কয়লা দিয়ে ইট পোড়াতে বেশি খরচ হয়। অধিকাংশ ইটভাটা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করায় তাদের পক্ষে কয়লা দিয়ে ইট পোড়ানো সম্ভব হয় না। ফলে তারা কাঠ দিয়ে ইট পোড়ায়।অনুমোদনহীন ইটভাটা, ড্রাম চিমনি ব্যবহার ও লোকালয়ে ইটভাটা নির্মাণের সত্যতা স্বীকার করে আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘অনেক স্থানেই ভাটা তৈরির পর লোকালয় গড়ে উঠেছে। তাই তাঁরা আর ভাটা সরিয়ে নিতে পারেননি।’এদিকে ইটভাটার এসব অনিয়ম প্রতিরোধে গতকাল দুপুরে জেলার ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির এতে নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘অধিকাংশ ইটভাটার মালিক রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তারপরও প্রশাসন ইটভাটার অনিয়ম প্রতিরোধে কাজ শুরু করেছে। শনিবার জেলার ফরিদপুরে অভিযান চালিয়ে অনুমোদনহীন এম আর এস ব্রিকস থেকে ৫০ হাজার টাকা এবং কাঠ পোড়ানোর দায়ে এম এ এস এবং এম জেড আই ব্রিকস থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।