নিষেধ সত্ত্বেও সৌদি গেছেন অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী
অনুমোদন ও ছাড়পত্র না দেওয়া সত্ত্বেও ধর্ম মন্ত্রণালয়ের গঠন করা হজ চিকিৎসক দলে সৌদি আরবে গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কজন কর্মকর্তা-কর্মচারী। এঁদের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ সংখ্যা অর্ধশতাধিক হতে পারে। ঈদের পর হয়তো পুরো তালিকা পাওয়া যাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ৭৫ জনের তালিকা দিয়ে বলা হয়েছিল তাঁদের যেন কর্মস্থল ত্যাগ না করতে দেওয়া হয়। এঁদের সৌদিযাত্রা ঠেকাতে পুলিশের বিশেষ শাখা, বিমানবন্দরের অভিবাসন শাখাকেও চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ না মেনে এই তালিকার বেশ কজন কারসাজি করে ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই সৌদি আরব চলে গেছেন।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের পাঠানো তালিকা বাদ রেখে নানা রকম অনিয়মের মাধ্যমে যাঁদের পাঠানো হয়েছে বা যাঁরা অনুমোদন না নিয়ে গেছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অনুমোদন না দেওয়ার পরও কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ওই সব ব্যক্তিকে নেওয়া হলো, এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমি এখন সৌদি আরবে। এ প্রশ্নের জবাব আমি এখন দিতে পারব না। তবে এটা ঠিক, কয়েকজন এসেছে।’
পবিত্র হজ পালন ও বাংলাদেশি হজযাত্রীদের দেখাশোনার জন্য এ বছর সরকারি খরচে ৯৪২ ব্যক্তি সৌদি আরবে গেছেন। হজ নীতিমালা অনুযায়ী এক হাজার বাংলাদেশি হজযাত্রীর জন্য একজন চিকিৎসক যাওয়ার কথা। এবার বাংলাদেশ থেকে যত লোক হজে যাচ্ছেন, তাঁদের জন্য ১২৭ জন চিকিৎসকের প্রয়োজন। কিন্তু নেওয়া হয় ২৬৬ জন। চিকিৎসকদের সহায়তাকারী দলে আছেন ১৮৬ জন।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য গেছেন ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন।