নিষেধাজ্ঞা অমান্য, জাটকা নিধন
কক্সবাজার উপকূলে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে জাটকা নিধন। সম্প্রতি জলদস্যুদের হাতে ৩২ জন জেলে নিহত হওয়ার পর জেলার কয়েক হাজার জেলে ট্রলারে সাগরে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেন। কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় তাঁরা আবারও সাগরে গিয়ে জাটকা ধরা শুরু করেন। গতকাল সোমবার সকালে শহরের নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, সাগর থেকে ধরে আনা জাটকা বিক্রি করা হচ্ছে। অনেকে এই জাটকা কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।প্রসঙ্গত, গত ১ নভেম্বর থেকে আগামী ৩১ মে পর্যন্ত সাগর ও নদীতে জাটকা ধরা, বেচাবিক্রি ও মজুত নিষিদ্ধ।নুনিয়াছটার এফবি কামরুননেছা ট্রলারের জেলে সৈয়দ করিম (৪৫) বলেন, সম্প্রতি গভীর সাগরে জলদস্যুরা চট্টগ্রামের বাঁশখালীর তিনটি ট্রলারের ৩২ জন জেলেকে হাত-পা বেঁধে সাগরে ফেলে হত্যা করে। এর প্রতিবাদে ও আতঙ্কে প্রায় পাঁচ হাজার ট্রলার সাগরে মাছ ধরা বন্ধ করে দেয়। কিন্তু পয়লা বৈশাখে ইলিশের চাহিদা মেটাতে ১২ এপ্রিল থেকে কয়েক হাজার জেলে সাগরে নামেন। কিছুসংখ্যক জেলে প্রজনন অঞ্চলে গিয়ে বিপুল পরিমাণ জাটকা ধরছেন। তিনি বলেন, জেলার অতিদরিদ্র জেলেদের জন্য পুনর্বাসন প্রকল্প থাকলে এটা হতো না।কক্সবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, জাটকা নিধন বন্ধ না হলে সাগর দ্রুত ইলিশশূন্য হয়ে পড়বে।জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, ‘জাটকা নিধন ও বিক্রি বন্ধে অভিযান চলছে। তার পরও বিভিন্ন হাটবাজারে জাটকা বিক্রির খবর পাচ্ছি। কিন্তু জলযান ও লোকবলের সংকটের কারণে নিয়মিত জাটকা নিধন প্রতিরোধে অভিযান চালানো সম্ভব হচ্ছে না।’ তিনি বলেন, জেলার প্রায় ২০ হাজার অতিদরিদ্র জেলেকে পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা গেলে জাটকা নিধন বন্ধ হতো।