নিষেধাজ্ঞা অমান্য করায় ১৭৩ জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন জেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৭৩ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিপুল পরিমাণ জাল ও ২৭টি ট্রলারও জব্দ করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত এসব ঘটনায় মামলা হয়েছে ৮১টি।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বঙ্গোপসাগর ও দেশের সব নদ-নদীতে ৫ থেকে ১৫ অক্টোবর ১১ দিন মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে উপকূলের নদ-নদী ও সাগর মোহনায় ইলিশ শিকার বন্ধ রাখা গেলেও গভীর বঙ্গোসাগরে তা কার্যকর হচ্ছে না। এ ঘটনায় মৎস্য অধিধদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত রেখেছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: জেলা মৎস্য কর্মকর্তা বঙ্কিম চন্দ্র বিশ্বাস জানান, সোমবার পর্যন্ত তাঁরা জেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৩৬ জন জেলেকে জরিমানা করেছেন। দুই লাখ ৩৫ হাজার মিটার জাল জব্দ করেছেন। এ সময় ২৯৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় সাতটি মামলা দায়ের করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের ‘ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পের’ পরিচালক (পিডি) এ বি এম জাহিদ হাবিব গতকাল বলেন, ‘গভীর সাগরে মাছ ধরা বন্ধ করতে এবার অভিযানে বিমানবাহিনীকে সম্পৃক্ত করেছি। তারা আজ আমাকে জানিয়েছে, চট্টগ্রাম থেকে পাথরঘাটা পর্যন্ত বঙ্গোপসাগরে অসংখ্য ট্রলার মাছ ধরছে। আমি নৌবাহিনীকে জানালে তারা ধাওয়া করছে। জেলেরা যে যার মতো করে পালিয়ে যাচ্ছে।’
ভোলা: ভোলার সাত উপজেলায় শনিবার দিবাগত রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ৯৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৪ জন জেলে ও একটি বরফ কলকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৭৪টি।
এ ছাড়া প্রায় ৬২০ কেজি মা-ইলিশ, এক লাখ ৫১ হাজার মিটার জাল ও ২৭টি ট্রলার জব্দ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এসব তথ্য দিয়েছেন।
বরিশাল: জেলায় ২২ জেলেকে আটকের পর ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ঘটনায় বেশ কিছু জালও জব্দ করা হয়। মঙ্গলবার থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, হিজলার মেঘনা, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়। বরিশাল জেলা মৎস্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বাউফল (পটুয়াখালী): উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে তেঁতুলিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও এ বি এম সাদিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
এ সময় জলদস্যুরা একটি ট্রলারে করে তাঁদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ডের টহল দল ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জাকির হোসেন (২৪) নামের এক জলদস্যুকে আটক করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই দিন নদীতে মাছ ধরার দায়ে পাঁচ জেলের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ৩০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।