নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর উপকূলীয় বিভিন্ন এলাকায় নদ-নদীতে ডিমওয়ালা ইলিশ ধরছেন জেলেরা। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ব্যাপকহারে জাল ও ইলিশ জব্দ করে জেলেদের কারাদণ্ড ও জরিমানা করলেও ইলিশ ধরা বন্ধ হচ্ছে না।
কর্মসংস্থানের অভাবে জেলেরা রাতের আঁধারে ইলিশ শিকার করছেন বলে জানা গেছে। তবে নিষেধাজ্ঞা চলাকালীন ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিনে জেলেদের বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা, নিবন্ধন করা মাছ ধরার ট্রলারগুলো নিয়ন্ত্রণে রাখা এবং সংশ্লিষ্ট উপজেলার সব কর্মকর্তা-কর্মচারীকে এই কর্মসূচিতে সম্পৃক্ত করতে পারলে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় লোকজন জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদী, কলাপাড়ার লতাচাপলী আন্ধারমানিক নদের মোহনা, দশমিনার বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া, গলাচিপার আগুনমুখা, কাজল নদসহ সাগর মোহনার বেশ কিছু পয়েন্টে জেলেরা ইলিশ শিকার করে যাচ্ছেন। মৎস্য কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভয়ে জেলেরা এখন বেশির ভাগ সময় মাছ ধরার জন্য রাতে জাল ফেলছেন।
দশমিনার বুড়াগৌরাঙ্গ নদের পারের এক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মোরা গরিব মানুষ। সাইন জাল (ছোট জাল) দিয়া ইলিশ ধরি। এহন পুলিশ-কোস্টগার্ড অভিযানে নামে। কী করুম পেটের দায়ে রাতে মাছ ধরি।
এমনেই এই বছর নদীতে ইলিশ কম ধরা পড়ছে। এহন জাল ফেললেই ইলিশ ধরা পড়ে। জানি ইলিশ ধরা উচিত না। হেতে মোগোই লাভ হইবে। পেটের দায়ে নামি। তয় অন্য কোনো কাজের ব্যবস্থা থাকলে এহন নদীতে জাল ফেলতাম না।’
দশমিনা জেলে সমিতির সাধারণ সম্পাদক সিকদার নজরুল ইসলাম জানান, এখানকার অধিকাংশ জেলেই গরিব। পেটের দায়ে অনেকেই হয়তো গোপনে ইলিশ ধরে। তবে জেলেদের এই সময়ে পুনর্বাসনের আওতায় আনা প্রয়োজন ছিল।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার এক মৎস্য কর্মকর্তা জানান, জেলার নিবন্ধন করা মাছ ধরার ট্রলারগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারলে এই সময়ে ইলিশ ধরা অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পেয়ে নৌযান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় পেরিয়ে যায়। রাতের বেলাতেও অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
উপকূলীয় এলাকা পরিদর্শনে আসা মৎস্য অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস জানান, মা-ইলিশ রক্ষায় জেলেরা এখন বেশ সচেতন। কারণ, মা-ইলিশ রক্ষা পেলে এর সুফল পাবেন জেলেরাই। বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটতে পারে। সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।