নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন চলছেই
সরকার ইলিশের প্রজনন মৌসুমে ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সারা দেশের নদ-নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও অনেক জেলে তা মানছেন না। বরগুনার বিষখালী, পায়রা নদী ও বলেশ্বর নদে এবং ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদীতে ব্যাপক হারে ইলিশ নিধন চলছে। মৎস্য বিভাগের কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালালেও জেলেদের ইলিশ ধরা থেকে নিবৃত্ত করা যাচ্ছে না। নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় কেউ ইলিশ শিকার, বিক্রি ও পরিবহন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং ন্যূনতম এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।স্থানীয় সূত্রগুলো বলছে, বরগুনার পাথরঘাটার বিষখালী নদী ও বলেশ্বর নদের চরলাঠিমারা, জিনতলা, হাজিরখাল, লালদিয়া থেকে হরিণঘাটা এলাকায় রাতে খুঁটা ও সাইন জাল দিয়ে অসংখ্য জেলে ইলিশ শিকার করছেন। শনিবার সাগর মোহনা থেকে বেশ কয়েকটি ইলিশবোঝাই ট্রলার এসব এলাকার খালে এসে কম দামে ইলিশ বিক্রি করে গেছে। এলাকার মাছ ব্যবসায়ীরা এসব মাছ লবণ দিয়ে সংরক্ষণ করছেন।পাথরঘাটা পৌর বণিক সমিতির সভাপতি হায়দার খান বলেন, মাছ ব্যবসায়ীরা লবণ কিনে নেওয়ায় সাধারণ ক্রেতারা লবণ পাচ্ছে না। দামও বেড়ে গেছে প্রায় দ্বিগুণ।বরগুনার আমতলী উপজেলার মৌপাড়া, গাবতলী, জয়ালভাঙা ও বড়বগী ইউনিয়নের ফকিরহাট, সখিনা, আশারচর এলাকায় সাইনজাল, খুঁটা জাল ও গইক্কা (গেরাফি দিয়ে ভাসিয়ে রাখা যায় এমন জাল) দিয়ে রাতে ইলিশ ধরা হচ্ছে। শনিবার রাতে পায়রা নদীতে খুঁটা জাল পাতেন গাবতলী এলাকার জেলে হাবিব চৌকিদার, সালাম মোল্লা ও মৌপাড়ার নজরুল। তাঁরা বলেন, ‘জাল না পাতলে মোরা খামু কী? হারা বচ্ছর মাছ পাই নায়, এহন কিছু মাছ পড়তে শুরু করছে। এহন যদি মাছ ধরতে না পারি, তয় মোগো না খাইয়্যা মরণ লাগবে।’বড়বগী ইউনিয়নের মৎস্যকেন্দ্র ফকিরহাট বাজার মৎস্যজীবী সমিতির একজন নেতা নাম গোপন রাখার শর্তে বলেন, ফকিরহাট থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে সাগর মোহনার বরইয়ার চর এলাকায় অন্তত ৫০টি ট্রলার গইক্কা জাল ফেলে দিনরাত ইলিশ ধরছে। ট্রলারগুলো মাছে বোঝাই হলে তারা বাগেরহাটের পাড়েরহাট ও বরগুনার পাথরঘাটার বিভিন্ন স্থানে এসে মাছ বিক্রি করে আবার সেখানে চলে যায়। আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম গতকাল বলেন, ‘রাতে মাছ ধরার খবর আমরাও পেয়েছি। তবে রাতে অভিযান চালাতে যে প্রশাসনিক সহায়তা দরকার, তা আমাদের নেই। তবু আমরা চেষ্টা করছি এসব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার।’জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বাংলাদেশের জেলেরা গোপনে কিছু মাছ ধরলেও নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে ভারতের জেলেরা অবাধে সুন্দরবন ও সংলগ্ন সাগরে মাছ ধরছে।কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ গতকাল রোববার বলেন, ‘আমরা গত তিন দিনে প্রায় ৪০ মণ ইলিশ ও চার হাজার মিটার কারেন্ট জাল আটক করেছি।’ ভরতীয় জেলেদের অনুপ্রবেশের ব্যাপারে তিনি বলেন, ‘এ রকম কোনো খবর পেলে জেলেরা যদি আমাদের জানান, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বরিশালের মল্লিকপুর থেকে ভোলা খালের মাথা পর্যন্ত মেঘনায় জেলেরা ভোররাতে ইলিশ নিধন করছেন। এ ছাড়া ভোলা সদরের ইলিশা নদী ও ভোলা সদর, বোরহানউদ্দীন, চরফ্যাশন ও লালমোহন উপজেলায় তেঁতুলিয়া নদীতে, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া বাংলা বাজার থেকে হাকীমুদ্দিন, চর জহিরুদ্দিন, মনপুরা কলাতলীর চর এলাকায় মেঘনা নদীতে ইলিশ নিধন হচ্ছে। রামদাসপুরের জেলে জাফর মাঝি, চর জহিরুদ্দিনের জেলে জাহাঙ্গীর মাঝি, মনপুরা ও চরফ্যাশন উপজেলার একাধিক জেলে জানান, প্রতিদিন রাতে শত শত জেলে জাল পেতে ইলিশ ধরছেন। এসব মাছ আড়ৎদারেরা গোপনে কিনছেন। ভোরে দক্ষিণ রামদাসপুর, কাপেরহাট, ২৭ দাগ বাজার, গণেশপুর, মধুপুর, বিশ্বরোডের মাথা, নাদের মিয়ার হাট, গুড়া মিয়ার হাট, ভোলা খালের মাথা, মাঝির হাট, চর নেয়ামতপুর, হাজীরহাট হুজুরের খাল, চৌকিঘাটা, পাতার খাল, গুপ্ত বাজার, চর জহিরুদ্দিন কলাতলী, ঢালচর, চর নিজাম, তালতলা ঘাটে ভোরে এসব মাছ বিক্রি হচ্ছে। এসব স্থান থেকে ইলিশ অন্যান্য জেলায় পাঠানো হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ চন্দ্র মল্লিক বলেন, গত তিন দিনে জেলায় ১২০ জন জেলের জেল-জরিমানা হয়েছে। এ ছাড়া কোস্টগার্ড ও ভ্রাম্যমাণ আদালত সাড়ে তিন লাখ মিটার জাল আটক করেছে।