নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার
ইলিশের বংশ বিস্তারে সহায়তা করতে সরকার ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মেঘনা ও সাগর মোহনার চারটি পয়েন্টে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু তা মানা হচ্ছে না। কিছু অসাধু জেলে প্রকাশ্যে মা-ইলিশ শিকার করছেন। এমনকি সেসব ইলিশ প্রক্রিয়াজাত করতে ওই সব এলাকায় বরফকলগুলো সমানতালে চলছে। এতে সরকারের ইলিশসম্পদ রক্ষার অভিযান ব্যর্থ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।কেন ইলিশ শিকার বন্ধ: মৎস্য কার্যালয় সূত্র জানায়, মেঘনা ও সাগর মোহনার চারটি পয়েন্টে ১০ দিন (১৫-২৪ অক্টোবর) ইলিশ প্রজনন সপ্তাহ পালিত হচ্ছে। এ সময় ঝাঁকে ঝাঁকে মা-ইলিশ ডিম ছাড়ার জন্য মেঘনায় উঠে আসে। মা-ইলিশ যেন নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে, এ জন্য উত্তর-পূর্ব সায়েরখালী/হাইতকান্দি পয়েন্ট (মিরসরাই, চট্টগ্রাম), তজুমদ্দিন উপজেলার উত্তর সৈয়দ আওলিয়া পয়েন্ট, দক্ষিণ-পূর্ব-উত্তর কুতুবদিয়া/গণ্ডামারা পয়েন্ট এবং দক্ষিণ-পশ্চিম লতা-চাপলী (কলাপাড়া) পয়েন্টের সাত হাজার বর্গকিলোমিটার জলসীমানায় সব ধরনের মাছ শিকার বন্ধ করা হয়েছে। একই কারণে ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, মনপুরা, চরফ্যাশন মেঘনা ও সাগর মোহনায় সব ধরনের জাল ফেলা ও ইলিশ ধরা নিষিদ্ধ।দৌলতখানের তরমুজের খেও মেঘনা থেকে সাগর মোহনা পর্যন্ত দিন-রাত সমানে মা-ইলিশ ধরা চলছে। জেলেরা দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন ও মনপুরায় চুরি করে মা-ইলিশ ধরলেও বোরহানউদ্দিন ও চরফ্যাশনে দিন-রাত প্রকাশ্যে মা-ইলিশ ধরছেন। এসব ইলিশ রাতের আঁধারে ট্রলারে এবং বৈধ সনদে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে।তজুমদ্দিনের শশীগঞ্জ স্লুইসঘাট মৎস্য অবতরণকেন্দ্রের জেলে আলাউদ্দিন মাঝি (৪৬) ক্ষোভের সঙ্গে বলেন, ‘সরকার গরিবরে মারনের সব ব্যবস্তাই কইর্যা রাখছে। আমরা মাছ দরতাম পারি। কিন্তু জাল-নৌকা খুয়ামু, হেলে পরে খামু কী? হ্যার লাইগ্যা মাছ দরি না।’দৌলতখান মৎস্য কার্যালয়ের একটি সূত্র জানায়, গত বুধবার রাত সাড়ে ১০টায় দৌলতখান থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৫৫-৬০ মণ ইলিশসহ একটি ট্রলার আটক করে। ইলিশগুলো রাতের আঁধারে বাইরের জেলায় পাঠানো হচ্ছিল। ওই রাতেই মাছগুলো নিলামে দুই লাখ ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।গত সাত দিনের অভিযানে দৌলতখানে কমপক্ষে ১৫টি চালানের মা-ইলিশ ধরা পড়লেও নিলাম হয়েছে মাত্র সাতটি। এতে আট লাখ সাত হাজার ৭০০ টাকা রাজস্ব খাতে জমা হয়েছে এবং চার হাজার ৭০০ মিটার জাল জব্দ করা হয়েছে।বন্ধ নেই বরফকল: ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষা ও মা-ইলিশ নিধন বন্ধে প্রস্তুতি সভায় সব উপজেলা কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে অভিযান চলাকালে বরফকল, মাছের আড়ত বন্ধ রাখাসহ মেঘনায় নৌকা-ট্রলার চলাচল বন্ধের কঠোর নির্দেশ দেন। কিন্তু মাছের আড়ত খোলা এবং বাজারে ঠিকই মা-ইলিশ কেনাবেচা চলছে। এ ছাড়া ১৫ অক্টোবর থেকে গত বুধবার পর্যন্ত জেলার প্রায় অর্ধশতাধিক বরফকলে বরফ উৎপাদন করা হচ্ছে বলে জানা গেছে।গত বুধবার প্রশাসন তজুমদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে তিনটি বরফকল সিলগালা করে দেয়। তবে তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেনের ‘জিতু আইস ফ্যাক্টরি’তে এখনো বরফ উৎপাদন চলছে। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, উপজেলা চেয়ারম্যানের বাধার মুখে তাঁর বরফকল বন্ধ করতে পারেননি। জেলা মৎস্য কর্মকর্তা প্রতীশ চন্দ্র মল্লিক বলেন, ‘বরফকল বন্ধ করার জন্য আমরা চিঠি দিয়েছি।’কোস্টগার্ড সূত্র জানায়, গত সাত দিনে অভিযান চালিয়ে কোস্টগার্ড ২৬ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকার জাল ও মা-ইলিশ জব্দ করেছে। নৌকা জব্দ করেছে ১০টি। জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, তারা ৫৪টি অভিযান চালিয়ে প্রায় ১৮ টন মা-ইলিশ, তিন লাখ ৫৭ হাজার ১৪৫ মিটার জাল ও একটি ট্রাক জব্দ করেছে এবং তিন জেলেকে আটক করেছে।এক প্রশ্নের জবাবে কোস্টগার্ডের অভিযান কর্মকর্তা শামিম আহম্মেদ বলেন, ‘মেঘনা ও সাগর মোহনা বিশাল জলরাশি। তজুমদ্দিন ও চরফ্যাশন ক্যাম্পে দ্রুতগতির স্পিডবোট নেই। ফলে সব স্থানে অভিযান চালানো সম্ভব হচ্ছে না।’ বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল খালেক বলেন, ‘লোকবল না থাকায় অভিযান ব্যর্থ হচ্ছে।’দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল বলেন, ‘অভিযান সফল করতে হলে জেলেদের সঠিক জরিপ করে প্রতিটি নৌকা ও ট্রলারের নিবন্ধন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিন অভিযানে খরচ হয় ৮-১০ হাজার টাকা। কিন্তু আমাদের ১০ দিনের জন্য দেওয়া হয়েছে মাত্র ২৫ হাজার টাকা। নিজেদের ট্রলার নেই। জেলেরা ট্রলার দিতে চায় না।’জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম ও পুলিশ সুপার বশির আহম্মেদ অভিযান ব্যর্থ বলতে রাজি নন। তাঁরা বলেন, ‘অভিযান সফল করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’