নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার অর্ধশত মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ও বহিরাগতদের নিয়ে তিনি এ মহড়া দেন।
৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি বৈঠকে হয়। বৈঠকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের মিটিং-মিছিল, সভা-সমাবেশ, মাইকিং, ব্যানার, পোস্টার ঝোলানো ও প্রচারপত্র বিলি নিষিদ্ধ করা হয়। এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ২০০৯ সালের ১১ মে সিন্ডিকেটের এক সভায় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় এস এম তৌহিদ আল হোসেন প্রায় অর্ধশত মোটরসাইকেলে অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে মহড়া শুরু করেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে এবং মুহুর্মুহু ভেঁপু বাজিয়ে মহড়া দেওয়া হয়। এরপর তাঁরা টুকিটাকি চত্বরে অবস্থান নেন। এ সময় একাডেমিক ভবনগুলোতে বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা চলছিল। পরে বেলা ১২টার পর প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান টুকিটাকি চত্বরে এসে বহিরাগতদের ক্যাম্পাস থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। পরে তাঁরা ক্যাম্পাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক নেতা বলেন, মহড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী ছিলেন। বাকি প্রায় ৫০-৬০ জন ক্যাম্পাসের আশপাশ এলাকার বহিরাগত।
প্রক্টর তারিকুল হাসান বলেন, ভবিষ্যতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হবে। ছাত্রলীগের নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ছাত্রলীগের নেতা তৌহিদ। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কর্মসূচি ছিল না।