নিষেধাজ্ঞা অমান্য করে ধরা হচ্ছে জাটকা
মার্চ-এপ্রিল এই দুই মাস মেঘনা-তেঁতুলিয়ার ২০০ কিলোমিটার জলসীমানায় যেকোনো ধরনের জাল ফেলা নিষিদ্ধ। কারণ এ সময় নদীতে মাছের চেয়ে পোনাই থাকে বেশি। অথচ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে দিনরাত নিষিদ্ধ জালে জাটকা ও রেণুপোনা ধরা চলছে।মৎস্যজীবীদের অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী মৎস্যজীবীরা নিষিদ্ধ আটটি জালে জাটকা ধরছেন। শুধু তা-ই নয়, প্রভাবশালীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হাতে রাখতে মাসে দুবার চাঁদা দেয়। চাঁদার টাকা সংগ্রহ করা হয় সাধারণ জেলেদের কাছ থেকে। ফলে নিষিদ্ধ জাল জব্দ ও জেলেদের রেণুপোনা ধরা থেকে বিরত রাখতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের বিশেষ অভিযান সফল হচ্ছে না। সম্প্রতি জেলা প্রশাসকের কাছে দেওয়া ভোলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির এক স্মারকলিপিতে এসব অভিযোগ তোলা হয়েছে। জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সহসভাপতি ফজলুল কাদের প্রথম আলোকে বলেন, ‘এ মৌসুমে নদীতে প্রায় সবই পোনা। যদি ওই পোনা রক্ষা করা যায়, তবে উপকূলের মাছ দিয়ে সারা দেশের মৎস্যচাহিদা পূরণ করা সম্ভব। কিন্তু কিছু প্রভাবশালী মৎস্যজীবীর জন্য তা সম্ভব হচ্ছে না। আর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বে অবহেলা করছে।’সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেল থেকে রাত অবধি প্রভাবশালী জেলেরা নদীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ জাল দিয়ে রেণুপোনা ও জাটকা ধরছেন। নিষিদ্ধ জালগুলো হচ্ছে—পাইজাল, মশারি জাল, নেট-খরছি জাল, কারেন্ট জাল, খুডাজাল, বেহুন্দি জাল, বাঁধাজাল ও বেড়জাল। নিষিদ্ধ মৌসুমেও ঘাটে মাছ কেনাবেচা চলছে সমানে। বাজারে এক ঝুড়ি জাটকা বিক্রি হচ্ছে এক থেকে দেড় শ টাকা দামে।এসব নিষিদ্ধ জাল ও জালের মালিকদের ধরার জন্য গত ২৭ মার্চ ভোলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির নেতারা জাটকা-রেণুপোনা রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ আছে, প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীদের ছত্রছায়ায় যখন জেলেরা নদীতে মাছ ধরেন, তখন কোস্টগার্ড-মৎস্য বিভাগ কোনো অভিযানে যায় না। তারা বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালায়। কারণ, ওই সময় জেলেরা নদীতে থাকেন না।চলতি মাসের শুরুর দিকে মৎস্যজীবীরা জেলা প্রশাসকের কাছে আরেকটি স্মারকলিপি দেন। সেখানে উল্লেখ করা হয়, ভোলা জেলার কোথায়, কোন চরে কার নেতৃত্বে নিষিদ্ধ জালে প্রতিদিন মাছ ধরার মহোৎসব চলছে। ঘাটে ঘাটে কিছু ‘সোর্স-জেলে’ আছে, যাদের ট্রলারে চড়ে কোস্টগার্ড ও পুলিশ অভিযানে বের হয়। ওই সোর্সের মাধ্যমে প্রভাবশালী জেলেরা অভিযানের খবর মুঠোফোনে আগেভাগেই জেনে যান।খোঁজ নিয়ে জানা গেছে, জেলার অর্ধশতাধিক মাছঘাটে প্রভাবশালীরা দাদনভুক্ত জেলেদের দিয়ে মাছ ধরাচ্ছেন। সাধারণ জেলেরা নিরাপদে জাটকা-রেণু ধরতে প্রতি মাসে দুবার (অমাবস্যা-পূর্ণিমা) ৪০০ থেকে এক হাজার করে টাকা চাঁদা দেন। কোস্টগার্ড দক্ষিণ অঞ্চলের অভিযান কর্মকর্তা শামিম আহমেদ বলেন, ‘যদি কোনো সোর্সের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পাই, তবে তাঁকে আমরা বাদ দিয়ে দিই। এ ছাড়া অভিযান সফল করতে দৌলতখান, বোরহানউদ্দিন এলাকায় মাঝের চরের বিভিন্ন পয়েন্টে ক্যাম্প করা জরুরি।’ভোলার পুলিশ সুপার বশির আহম্মেদ বলেন, জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে অনেকগুলো বিভাগ দায়িত্বে আছে। পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। প্রভাবশালীদের কাছ থেকে পুলিশ বিভাগ আর্থিক সুবিধা নিচ্ছে—এ অভিযোগ সত্য নয়।জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ চন্দ্র মল্লিক বলেন, ‘জাটকা ধরে এমন প্রভাবশালী জেলেদের যে তালিকা মৎস্যজীবীরা দিয়েছেন, খোঁজ নিয়ে তার সত্যতা পাওয়া গেছে। কিন্তু লোকবল ও অর্থসংকট থাকায় আমরা তাদের ধরতে পারছি না।’