নিষেধাজ্ঞা অমান্য করে বলেশ্বরে ইলিশ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদে রাতে কতিপয় জেলে ইলিশ শিকার করছেন। বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ইলিশ শিকার বন্ধে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় কতিপয় জেলে বলেশ্বর নদে ইলিশ শিকার করে যাচ্ছেন। শুক্রবার সকালে বলেশ্বর নদ-তীরবর্তী খেজুরবাড়িয়া জেলেপল্লিতে গিয়ে কথা হয় জেলেদের সঙ্গে। জেলেরা জানান, গত বুধ ও বৃহস্পতিবার রাতে খেজুরবাড়িয়া গ্রামের মো. বাবুল, ফারুক বেপারী, চরভোলমারা গ্রামের মোসলেম শরীফসহ চার-পাঁচজন জেলে বলেশ্বর নদে ইলিশ শিকার করেছেন। জেলেদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের কিছু কর্মকর্তার যোগসাজশে তাঁরা ইলিশ শিকার করে যাচ্ছেন। খেজুরবাড়িয়া গ্রামের জেলে কবির বেপারী বলেন, কয়েক হাজার জাইলা (জেলে) গাঙে জাল হালানো (ফেলা) বন্ধ রাখছে। অথচ দুই-চারজনে এহনো ইলিশ ধরছে। একই গ্রামের সলেমান মাতবর বলেন, ‘আমরা আইন মেনে ইলিশ শিকার বন্ধ রেখেছি। তবে কেউ কেউ এখনো ইলিশ ধরছেন। তা হলে মাছ ধরা বন্ধ রেখে লাভটা হলো কই?’ তবে ফারুক বেপারী মাছ ধরার অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্ত মো. বাবুল মাছ ধরার কথা স্বীকার করে বলেন, ‘নিষেধাজ্ঞার বিষয়টি আমার জানা ছিল না। বুধবার ইউপির চৌকিদার বলেশ্বর নদ থেকে আমার জাল জব্দ করে নিয়ে গেছে।’ মোসলেম শরীফের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে (২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর) সমুদ্র থেকে মা-ইলিশ ডিম ছাড়ার জন্য নদ-নদীতে চলে আসে। তাই এ সময় ইলিশ ধরা, বাজারজাত, মজুদ ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মঠবাড়িয়া উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবুল বাশার বলেন, ইলিশ শিকার বন্ধ রাখতে প্রতিদিন বলেশ্বর নদে অভিযান চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ পর্যন্ত ৫০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে। বড়মাছুয়ার এলাকায় বৃহস্পতিবার রাতে কতিপয় জেলের জাল ফেলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা, মজুদ ও বিপণন বন্ধ রাখতে শুক্রবার উপজেলা সদরের মাছ বাজারের ব্যবসায়ী এবং বাবুবাজার ও তুষখালীতে জেলেদের সঙ্গে মতবিনিময় করেছেন।