নিষেধাজ্ঞা অমান্য করে বাঁশ কাটার অভিযোগ
নিষেধাজ্ঞা অমান্য করে ইজারাদারেরা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া ও সুনারায়ছড়া বাঁশমহাল থেকে অবাধে বাঁশ কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই বাঁশ নৌপথে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
বাঁশের বংশবিস্তারের জন্য ১৬ জুন থেকে ১৫ আগস্ট দুই মাস বাঁশ কাটা ও পরিবহনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি উপজেলা সদরের ধলাই নদীর তীরবর্তী কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক বাঁশ নৌকায় করে পরিবহন করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ কাজে জড়িত কয়েকজন শ্রমিক বলেন, বন বিভাগের রাজকান্দি রেঞ্জের কুরমাছড়া ও সুনারায়ছড়া বাঁশ মহাল থেকে এসব বাঁশ কেটে নদীপথে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
কুরমাছড়া ও সুনারায়ছড়া বাঁশমহাল সংলগ্ন এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ওই দুটি মহালের ইজারাদারের (মহালদার) লোকজন নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে বাঁশ কাটছেন। গহিন বন থেকে এসব বাঁশ কাটা হচ্ছে। এগুলো ধলাই নদী দিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ১ জুলাই রাজকান্দি রেঞ্জ এলাকার ধলাই নদী থেকে অবৈধ হিসেবে ৩০ হাজার বাঁশ জব্দ করেন বন বিভাগের কর্মকর্তারা। পরে জব্দ করা বাঁশ বৈধ হিসেবে ছেড়ে দেওয়া হয়। ইজারাদারেরা প্রভাবশালী হওয়ায় বন কর্মকর্তারা ওই বাঁশ জব্দ না করে ছেড়ে দেন।
অভিযোগ সঠিক নয় দাবি করে কুরমাছড়া বাঁশ মহালের ইজারাদার ফজলু মিয়া ও সুনারায়ছড়ার ইজারাদার ফুল মিয়া সম্প্রতি প্রথম আলোকে বলেন, সরকারের নির্দেশ মেনে তাঁরা বাঁশ কাটা আপাতত বন্ধ রেখেছেন। তবে রাজস্ব পরিশোধ করা কিছু অংশের বাঁশ আগেই কাটা হয়েছিল। সেই বাঁশগুলো এখন নদীপথে পরিবহন করা হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বন বিভাগের রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য্য বলেন, জুনের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বাঁশের প্রজননকাল। এ সময় বাঁশের গোড়া থেকে কুড়িল গজায় (নতুন চারা)। এ কুড়িল বড় হতে কমপক্ষে দুই মাস লাগে। তাই দুই মাস মহাল থেকে বাঁশ কাটা ও পরিবহন নিষিদ্ধ। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে বাঁশ কাটার অভিযোগ সঠিক নয়। কিছু বাঁশ আগেই কাটা হয়েছিল। সম্প্রতি তা পরিবহন করা হয়েছে। সরকারি নির্দেশনা খুব সতর্কতার সঙ্গে মানা হচ্ছে বলে তিনি দাবি করেন।